কনোলির ব্যাটে ঝড়, রুদ্ধশ্বাস লড়াইয়ে গুজরাটকে হারিয়ে দারুণ শুরু প্রীতির পঞ্জাবের

0


টানটান উত্তেজনা, ওঠানামায় ভরা নাটকীয় লড়াই—আইপিএল ২০২৬-এর শুরুতেই যেন ক্রিকেটপ্রেমীরা পেলেন এক রোমাঞ্চকর ম্যাচের স্বাদ। মুল্লানপুরে গুজরাট টাইটান্সকে ৩ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে মরসুম শুরু করল পঞ্জাব কিংস।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণ করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৬২ রান। অধিনায়ক শুভমন গিল ৩৯ রান করলেও ইনিংসে ছিল না তেমন আগ্রাসন।

জস বাটলার (৩৮) ও গ্লেন ফিলিপস (২৫) চেষ্টা করলেও বড় স্কোরে পৌঁছতে পারেনি দল। পঞ্জাবের হয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন বিজয়কুমার বৈশাখ (৩/৩৪) ও যুজবেন্দ্র চাহাল (২ উইকেট)।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পঞ্জাবের। দ্রুত বিদায় নেন প্রিয়াংশ আর্য (৭)। তবে এরপর ম্যাচের মোড় ঘোরান প্রভসিমরন সিং ও কুপার কনোলি। দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে দলকে মজবুত ভিত দেন তারা। প্রভসিমরন (৩৭) আউট হওয়ার পরই ম্যাচে ফেরে গুজরাট।


এরপরই শুরু হয় নাটক। প্রসিদ্ধ কৃষ্ণর জাদুকরী স্পেলে হঠাৎই চাপে পড়ে যায় পঞ্জাব। মাত্র কয়েক ওভারের ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে ১১৮ রানেই ৬ উইকেট পড়ে যায় দলের। ম্যাচ তখন গুজরাটের দিকে হেলে পড়ছে বলেই মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকেই একাই লড়াই চালিয়ে যান অজি তরুণ কুপার কনোলি। একদিকে উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে রেখে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন তিনি। সময়মতো আক্রমণ, নিখুঁত শট নির্বাচন—সব মিলিয়ে ৭২ রানের অপরাজিত ইনিংসে দলকে টেনে নিয়ে যান জয়ের দরজায়। শেষ পর্যন্ত ১৯.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পঞ্জাব। ৫ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় নিশ্চিত করে তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *