রণবীরের ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে নীরব দীপিকা, কটাক্ষের মুখে অভিনেত্রী

0

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’। প্রথম দিনের আয় থেকেই রেকর্ড ভাঙার ইঙ্গিত, সঙ্গে দর্শক ও সমালোচকদের প্রশংসা, সব মিলিয়ে বলিউডে এখন একটাই নাম ঘুরছে। দেশপ্রেমের ছোঁয়া, বাস্তবধর্মী গল্প এবং বাস্তবসম্মত অ্যাকশনের সমন্বয়ে ছবিটি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকের মনে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক তারকা এই ছবির প্রশংসায় মুখর হয়েছেন।

তবে এই উচ্ছ্বাসের মধ্যেই জল্পনা শুরু হয়েছে দীপিকা পাড়ুকোনকে কেন্দ্র করে। রণবীর সিংয়ের স্ত্রী তথা বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখনও পর্যন্ত ছবিটি নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। এমনকি ছবির প্রিমিয়ারয়েও দেখা যায়নি তাঁকে। সমাজমাধ্যমেও কোনও প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। আর সেটাই এখন নেটিজেনদের আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে।

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটিও বক্সঅফিসে সফল হয়েছিল এবং রণবীরের কেরিয়ারে বড় মোড় এনেছিল। সেই প্রেক্ষিতে সিক্যুয়েলের এই দুর্দান্ত সাফল্যকে ঘিরে প্রত্যাশা ছিল আরও বেশি। এমন পরিস্থিতিতে স্ত্রী দীপিকার প্রতিক্রিয়া আসবে, এটা স্বাভাবিকভাবেই আশা করেছিলেন অনেকে।
যদিও তাঁর এই নীরবতার কারণ স্পষ্ট নয়। কেউ মনে করছেন, তিনি হয়তো নিজের আসন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তাই এখনও সময় করে ছবিটি দেখতে পারেননি। আবার অন্যদের মতে, এত বড় সাফল্যের মাঝেও তাঁর কোনও প্রতিক্রিয়া না থাকা একটু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। এমনকি অন্যান্য ইন্ডাস্ট্রির তারকারাও যখন ছবিটি দেখে প্রশংসা করেছেন, তখন দীপিকার এই চুপ থাকা আরও বেশি করে নজর কাড়ছে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব মুক্তির সময়ও দীপিকা খুব সীমিতভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, শুধুমাত্র ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অভিজ্ঞতা ভাগ করেছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি আর কিছু বলেননি। ফলে সেই নীরবতা এবার যেন আরও বড় হয়ে উঠেছে। সব মিলিয়ে, ছবির সাফল্যের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে দীপিকা। তিনি কবে ছবিটি নিয়ে প্রকাশ্যে মতপ্রকাশ করবেন, তার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *