একদিনেই বন্ধ টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালুর কাজ, লাইভে এসে ক্ষমা চাইলেন দেব
একটা দিনও কাটেনি ধুমধাম করে টলিপাড়ার টেকনিশিয়ানদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পর আওতায় আনার পদক্ষেপ শুরু করেছিলেন দেব। তার মধ্যেই বড় ধাক্কা খেলেন অভিনেতা-সাংসদ।
১৪ মার্চ ৭০০০ টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড করানোর প্রক্রিয়া শুরু করেছিলেন দেব। ১৬ তারিখ কথা মতো সেই প্রক্রিয়া চালু থাকার কথা ছিল। সেই কারণে টেকনিশিয়ান স্টুডিয়োতে মঙ্গলবার সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছিল। কিন্তু রবিবার বিধানসভা নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণা হতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে নির্বাচন কমিশনের মডেল কোড অফ কনডাক্ট বা আদর্শ আচরণবিধি। আর তার জেরেই থমকে গেছে স্বাস্থসাথী প্রকল্পে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। তার পরেই সমাজমাধ্যমে লাইভে এসে ক্ষমা চেয়ে নিয়েছেন দেব। সেই সঙ্গে আশ্বস্ত করেছে নির্বাচন মিটতেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া।
বাংলায় দুই দফায় ভোট হবে ২৩ এবং ২৯ এপ্রিল। ৪ মে হবে ফল ঘোষণা। তাই বন্ধ থাকবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য নাম নথিভুক্ত করার কাজ, যা জানিয়েছিলেন বলেই দাবি করেছেন দেব।
দেব বলেন, ‘আমি সমাজমাধ্যমে যেই তথ্য পোস্ট করেছিলাম তা অনেকের কাছেই পৌঁছাতে পারেনি। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে যেহেতু ভোটের দিন প্রকাশ হয়েছে সরকারি সব কাজ আপাতত স্থগিত থাকবে।’
অভিনেতা আরও বলেন, ‘যতদিন না ভোটের ফল প্রকাশিত হচ্ছে অর্থাৎ ৪ মে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর নতুন সরকার গঠন হলে সেই সরকার শপথ নেওয়ার পর ফের শুরু হবে সরকারি সব কাজ। তার আগে কোনও সরকারি কাজ করা সম্ভব হবে না।’
গত শনিবার টেনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করানোর প্রক্রিয়া শুরুর দিনেই দেব বনাম স্বরূপ বিশ্বাস সংঘাত প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমকে তিনি জানান, স্বাস্থ্যসাথী একটি অ্যাওয়ার্ড উইনিং প্রকল্প, সেটা নিয়ে প্রশ্ন করা মানে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের বহু মানুষ চিকিৎসার সুবিধা পেয়েছেন। দেবের কথায়, “স্বরূপদার স্বাস্থ্যসাথী কার্ডের দরকার নেই। ওনার সামর্থ্য আছে। এই উদ্যোগ ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের জন্য। স্বাস্থ্যসাথী নিয়ে স্বরূপদা ভাল না বললে বড় ভাই হিসেবে অরূপ বিশ্বাসের উত্তর দেওয়া উচিত।” এদিন লাইভেও দেবের কথায় সংঘাত ও ইন্ডাস্ট্রির অন্দর থেকেই অসহযোগিতার ইঙ্গিত মিলেছে। দেব বলেন “এই কাজ আমি ক্ষমতার জোরে করছি না। আমি দর্শক ও টেকনিশিয়ানদের ভালবাসার জোরে করছি। যে টেকনিশিয়ানরা গত ২০ বছর ধরে রোদ, জলে সব সময় আমার পাশে থেকেছেন তাঁদের জন্য এইটুকু করতে পারাটা সৌভাগ্যের বলেই মনে করি।” পাশাপাশি দেব আশ্বাস দিয়েছেন নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই ফের শুরু হবে স্বাস্থ্যসাথী বিমা করানোর কাজ। তাঁর দাবি, “ আমি কথা দিচ্ছি, আপনাদের প্রাপ্য মার যাবে না।”
