দেবের ‘দেশু ৭’-এ বড় চমক! অনির্বাণের কামব্যাক?

0


বড়সড় চমক নিয়ে হাজির হলেন দেব। অভিনয়, প্রযোজনার পরে এ বার তিনি পরিচালকও। বছরের শুরুতেই ‘দেশু ৭’- এ শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধবেন বলে ঘোষণা করেছিলেন অভিনেতা। এবার আরও এক ঘোষণা। ‘দেশু ৭’- এর মাধ্যমে ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একটি ছোট ভিডিয়োর মাধ্যমে ভাগ করে নেন সেই খবরই। ফেডারেশন বনাম অনির্বাণ এই বিতর্ক প্রায় সবার জানা৷
সম্প্রতি, টেকনিশিয়ান স্টূডিয়োয় এই সমস্যা যাতে মিটে যায় সেই চেষ্টাই করেছিলেন নায়ক। আদৌ সেই সমস্যার সমাধান হয়েছে কিনা তা এখনও বোঝা যায়নি। 

তবে এখানেই শেষ নয়। প্রথমবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে দেবকে। এতদিন অভিনেতা ও প্রযোজক হিসেবে পরিচিত থাকলেও এ বার তিনি সরাসরি পরিচালকের আসনে বসছেন। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘দেশু ৭’, যা  চলতি বছরের দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা বলে জানিয়েছেন অভিনেতা। ছবিতে নায়িকা হিসেবে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবের কেরিয়ারের শুরু থেকেই শুভশ্রীর সঙ্গে তাঁর জুটি দর্শকের কাছে জনপ্রিয়। ‘ধূমকেতু’র পর আবার এই জুটিকে একসঙ্গে দেখা যাবে, ফলে স্বাভাবিকভাবেই দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতি। ফেডারেশন বনাম পরিচালক কাণ্ডে নাম জড়ানোর পর ইন্ডাস্ট্রিতে তাঁকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতেই দেব তাঁকে নিজের ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটি ভিডিয়োর মাধ্যমে দেব ও শুভশ্রী একসঙ্গে এই খবর জানান। উপস্থিত ছিলেন অনির্বাণ নিজেও। জানা যাচ্ছে,এই ছবির গল্পও নিজেই লিখেছেন দেব। আগে বিভিন্ন ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও, এ বার পুরোপুরি নিজের ভাবনা নিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

২০২৬ সালের পুজোর বক্স অফিস লড়াইয়ে ‘দেশু ৭’ যে বড় চমক হতে চলেছে, তা ছবির ঘোষণা হতেই পরিষ্কার হয়ে গিয়েছে। বছরের শুরুতেই এই ছবির কথা সামনে আসে। তার পর থেকেই অনুরাগীদের আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে।শুধু তাই নয়, ছবির প্রচারেও একেবারে আলাদা পরিকল্পনা নিয়েছেন দেব ও শুভশ্রী। ভারতীয় সিনেমায় প্রথমবার ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’-কে বড় মাপের ইভেন্ট হিসেবে তুলে ধরার কথা জানানো হয়েছিল আগেই। এমনকি মুক্তির প্রায় ১০ মাস আগে থেকেই অগ্রিম বুকিং শুরু করে দিয়ে নতুন ট্রেন্ড তৈরি করেছেন তাঁরা।

যদিও ছবির গল্প বা নাম নিয়ে এখনও কিছুটা রহস্য বজায় রাখা হয়েছে, তবুও ১০ এপ্রিল ‘বিগ ফ্রাইডে’-তে নতুন চমক দিয়ে আবারও আলোচনায় এল এই জুটি। সব মিলিয়ে, পরিকল্পনা থেকে প্রচার—সব দিক দিয়েই ‘দেশু ৭’কে বড়সড় ইভেন্টে পরিণত করার লক্ষ্যেই এগোচ্ছেন দেব ও শুভশ্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *