কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বিশেষ পদক্ষেপ ফেডারেশনের, কী ঘোষণা করলেন স্বরূপ বিশ্বাস?

0

কবি শ্রীজাত অনেক দিন আগে লিখেছিলেন ‘ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ’। এই নিম্নচাপকে সাধারণত সবাই এড়িয়েই যায়, কিছু হয়নি বলে। এই সমস্যাই দিনে দিনে গ্রাস করছে অনেককে। টলিউড, বলিউড থেকে হলিউড—সর্বত্র অবসাদের কথা শোনা যায়। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই এ বার নতুন পদক্ষেপ ‘ফেডারেশন অফ্‌ সিনে টেক্‌নিশিয়ান্স্‌ এ্যান্ড ওয়ার্কার্স্‌ অফ্ ইস্টার্ন ইন্ডিয়া’র। একটা সময় মনের অসুখের কথা নিয়ে বলতে অস্বস্তিতে পড়তেন তারকারা। সময় বদলেছে। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট প্রত্যেকেই নিজেদের মানসিক সমস্যার কথা প্রকাশ্যে বলেছেন।

মানসিক অবসাদের কারণে মৃত্যুর ঘটনার কথাও একাধিক বার উঠে এসেছে টলিপাড়ায়। ফেডারেশনের সঙ্গে হাত মিলিয়েছে পিজি হাসপাতালের ডিরেক্টর ও ইনস্টিটিউট অফ সাইকায়াট্রির কর্তৃপক্ষ। আগামী দিনে যাতে এই ঘটনা আর না ঘটে তাই বিশেষ ঘোষণা করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন পিজি হাসপাতালের ইনস্টিটিউট অফ সাইকায়াট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অমিত কুমার ভট্টাচার্য। উপস্থিত হয়েছিলেন টলিপাড়ার নামজাদা ব্যক্তিত্বরা। ছিলেন, পিয়া সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নীলাঞ্জনা শর্মা, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অন্নপূর্ণা বসু, নিসপাল সিং রানে, পাভেল, রাহুল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

এ দিন কী বললেন সভাপতি স্বরূপ? তিনি বলেন, “আমরা আমাদের বহু সহকর্মীকে অকালে হারিয়েছি। তাঁরা মানসিক চাপের কাছে নতিস্বীকার করে তাঁদের অমূল্য জীবন শেষ করে দিয়েছেন। এই সমস্যা শুধুমাত্র কলাকুশলীদের নয়। আমাদের অনেক প্রিয় শিল্পীও মানসিক অবসাদে নিজেদের জীবন শেষ করে দিয়েছেন। আজ যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এস.এস.কে.এম. (পিজি) হাসপাতালের ডিরেক্টর ও ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি কর্তৃপক্ষ টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সকল কলাকুশলী ও শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার অঙ্গীকার করলেন, তাতে আমরা কৃতজ্ঞ। আশা করি আমরা শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারব। আর এই বিষয় সবটাই গোপন থাকবে।”

পিজি হাসপাতালের মনরোগ বিশেষজ্ঞ ফেডারেশনের অফিসে মাসে তিনদিন করে বসবেন। যাঁরা মানসিক অবসাদ বা যে-কোনও সমস্যায় ভুগছেন তাঁদের পরামর্শ দেবেন। পরবর্তীকালে ফেডারেশন এবং পিজি হাসপাতালের তত্ত্বাবধানে সুচিকিৎসাও করাতে পারবেন তাঁরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *