অস্ত্রোপচারের পর কেমন আছেন সেলিম খান? সলমনকে ফোন করে খোঁজ নিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী
বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান-এর অসুস্থতা ঘিরে কয়েকদিন ধরেই উদ্বেগে ছিলেন অনুরাগীরা। গত ১৭ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ ধরা পড়ে এবং দ্রুত অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানা গিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল এবং বিপন্মুক্ত। খান পরিবার সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে সুস্থতার দিকেই এগোচ্ছেন বর্ষীয়ান এই চিত্রনাট্যকার।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে-ও ফোন করে সলমন খানের কাছে সেলিম খানের শারীরিক অবস্থার খোঁজ নেন। সলমন জানান, তাঁর বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই আরও সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে। সেলিম খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বলিউডের একাধিক তারকা হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেন। তাঁদের মধ্যে ছিলেন শাহরুখ খান, আমির খান, রণবীর সিং, জাভেদ আখতার-সহ আরও অনেকে। বর্ষীয়ান এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনাও করেছেন অনুরাগীরা। সম্প্রতি অভিনেত্রী ডেইজি শাহ সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। যদিও তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে দেখা করতে যেতে পারেননি, তবে নিয়মিত সলমন খান এবং তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান।
কঠিন সময় গোটা পরিবার একসঙ্গে রয়েছে৷ নিয়মিত হাসপাতালে যাতায়াত করছেন সলমন। ভাই আরবাজ খান, সোহেল খান, বোন আলভিরা খান, অর্পিতা খান সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও হাসপাতালে দেখা গিয়েছে। তবে হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসায় খান পরিবার অসন্তোষ প্রকাশ করেছে বলেও জানা গিয়েছে। পরিবারের মতে, সেলিম খানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত এবং এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হলে তা পরিবারের পক্ষ থেকেই জানানো উচিত।
ভারতীয় সিনেমার ইতিহাসে অত্যন্ত সম্মানিত নাম সেলিম খান। সেলিম-জাভেদ জুটির অংশ হিসেবে তিনি উপহার দিয়েছেন একাধিক কালজয়ী ছবি, যার মধ্যে ‘শোলে’, ‘দিওয়ার’, ‘জঞ্জির’-এর মতো চলচ্চিত্র আজও দর্শকের মনে উজ্জ্বল। বর্তমানে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন সেলিম খান। পরিবারের পাশাপাশি অসংখ্য অনুরাগীর প্রার্থনায় দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলেই আশা করা হচ্ছে।
