রোনাল্ডোর কাছে আর্জি! শেষে আইসিসিই দেশে ফেরার জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করল
একে তো বিদায়ের জ্বালা। এরওপর বাড়ি ফিরতে না পারার হতাশা। মানসিক অবসাদেই যেন দিন কাটছিল ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পরে ইংল্যান্ডের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, যেন আচমকা অনিশ্চয়তা ডেকে এনেছিল তাদের। টি২০ বিশ্বকাপ খেলতে এসে আটকে পড়েছিল তাঁরা ভারতেই। অবশেষে সেই উৎকণ্ঠার মেঘ কাটছে।আইসিসির উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে চার্টার্ড বিমানের। তাতেই ভারত ছাড়ছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
জানা গেছে, গত বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড দল শনিবারই বিশেষ বিমান ধরবে। তারা সরাসরি লন্ডনে যাবে। বাকি দুই দল, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা রবিবার কলকাতা থেকে বিশেষ বিমানে দেশের উদ্দেশ্যে উড়ে যাবেন।ওয়েস্ট ইন্ডিজ দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথমে যাবে জোহানেসবার্গে, তারপর সেখান থেকে তাঁরা যাবে অ্যান্টিগায়। প্রোটিয়াদের সবাই অবশ্য দেশে ফিরবেন না, এরমধ্যে অনেকেই নিউজিল্যান্ডেও যাবে। কারণ সেখানেই তাদের পরবর্তী খেলা রয়েছে।
জিম্বাবোয়ে দলও একই সমস্যায় পড়েছিল। ১ মার্চ তাদের শেষ ম্যাচ হলেও দলের একাংশ ভারত ছাড়তে পেরেছে। দেশে ফেরার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। হতাশা আর বিরক্ত হয়েই শেষপর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছেও আর্জি জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা আকিল হোসেন। আদিলের বক্তব্য ছিল, যেন তাঁর বিমান দিয়ে তাকে উদ্ধার করা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, ‘এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ক্রিশ্চিয়ানোর কাছে আর্জি জানাচ্ছি, তিনি যেন বিমান পাঠান এবং আমাকে উদ্ধার করেন।’ অবশ্য সত্যি সত্যিই আইসিসি তাদের দেশে ফেরাতে চার্টার্ড বিমানের ব্যবস্থা করে। সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার কারণে আকাশপথ সীমিত হয়ে পড়েছে। বিশ্বজুড়ে নানান ফ্লাইট বাতিল করা হচ্ছে। তারজন্যই এই গণ্ডোগোল।
