পাকিস্তানের ‘ভারত বয়কট’! আইসিসির কড়া হুঁশিয়ারি, ভারত নিয়ম মেনেই যাবে শ্রীলঙ্কা
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ আইসিসি। আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি আইসিসিকে না পাঠালেও, কড়া প্রতিক্রিয়া দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পাকিস্তান সরকার রবিবারই জানিয়েছে, এ বারের টি২০ বিশ্বকাপে পাকিস্তান দল খেললেও, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে খেলবে না।
নির্বাচিত ম্যাচে অংশগ্রহণের ব্যাপারে পিসিবিকে সতর্ক করে দিয়েছে আইসিসি। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ খেলা বয়কট করার জন্য পাকিস্তান সরকার, জাতীয় দলকে যে নির্দেশ দিয়েছে, তা জানতে পেরে আইসিসি বলেছে এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী। পাকিস্তানকে সতর্ক করে আইসিসি বলেছে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অবস্থান বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিটি যোগ্যতা অর্জনকারী দল নির্ধারিত সূচি অনুযায়ী সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হয়। আইসিসি এও জানিয়েছে, টুর্নামেন্টগুলো মূলত ক্রীড়া সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও স্বচ্ছতার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। আর সেখানে এই সিদ্ধান্ত প্রতিযোগিতার মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার। আইসিসি আরও জানিয়েছে, তাদের অগ্রাধিকার হলো টি২০ বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা, যা পিসিবিসহ প্রতিটি সদস্য দেশের দায়িত্ব হওয়া উচিত।
এভাবে টি২০ বিশ্বকাপ খেললেও শাস্তি এড়াতে পারবে না বলেই মনে করা হচ্ছে। প্রতি বছর, লভ্যাংশ হিসেবে আইসিসি-র থেকে ৩১৬ কোটি টাকা পায় পাকিস্তান। তাই পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বয়কট করলে, সেই লভ্যাংশ কেটে নেওয়া হবে বলেও জানা যাচ্ছে।
পাকিস্তান মাঠে না নামলেও আইসিসির নিয়ম মেনেই সবকিছু করবে ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কায় গিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলনেও নামবেন সূর্যকুমার যাদবরা।
