ফের মুখ থুবড়ে পড়ল পাকিস্তান! বাবরদের হেসেখেলে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে টিম ইন্ডিয়া

0

ভারত-পাকিস্তান ম্যাচের আগেই শুধু হাইভোল্টেজ , ম্যাচ শুরু হলেই একপক্ষের ভোল্টেজ ডাউন। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, অসহায় আত্মসমর্পণ যেন পাকিস্তানের। এশিয়া কাপে হারের হ্যাটট্রিকের পর টি২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচেও ভারতের কাছে হারল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত ঈশানের ঝড়ে  ৭ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে পাকিস্তান ১২ বল আগেই অলআউট হয় ১১৪ রানে।  তাতে ভারতের জয় আসে ৬১ রানে। বিশ্বকাপে পরপর তিন জয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া।


টি২০ ম্যাচে ধুম-ধাড়াক্কা ব্যাটিং, মুহুর্মুহু ছক্কা না হলে কী আর জমে! কলম্বোয় অবশ্য তেমনটা খুব বেশি দেখা যায়নি। ঈশান কিশান ৩টি ছক্কা মেরে এই আক্ষেপ ঘোচানোর চেষ্টা করেছেন। তিলক বর্মা, শিবম দুবে ও রিঙ্কু সিংও একটি করে ছক্কা মারেন। যা দিয়ে বিশাল রানের পাহাড় গড়া সম্ভব হয়নি ভারত। তবে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের পিটিয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টিম ইন্ডিয়া।


কলম্বোয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। কোনো রান না করেই সলমন আলি আগার বলে আউট হন অভিষেক। এরপর অবশ্য ঈশান কিষান ও তিলক বর্মা ঝড় তোলেন। তিলক ২৪ বলে ২৫ রান করে আউট হলেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান ঈশান কিষান। ৪০ বরে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ছক্কা মারেন ৩টি ও ১০টি মারেন বাউন্ডারি। সূর্যকুমার যাদব করেন ২৯ বলে ৩২ রান। ১৭ বলে ২৭ রান করেন শিবম দুবে। হার্দিক পান্ডিয়া আউট হন শূন্য রানে। ১১ রান করেন রিঙ্কু সিং। পাকিস্তান এই ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করে রেকর্ড গড়ে। টি-টোয়েন্টিতে কোনো দল এতগুলো স্পিনার ব্যবহার করেনি। পেসার ছিলেন মাত্র একজন, শাহিন আফ্রিদি। ৩ উইকেট নেন সাইম আইয়ুব, ১টি করে নেন সলমন আগা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক। ভারতের পুরো ২০ ওভারের ১৮ ওভারই বোলিং করেছেন পাকিস্তানি স্পিনাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই এক ইনিংসে স্পিনারদের বেশি ওভার বোলিং করার রেকর্ড।


ভারতের বিরুদ্ধে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করা পাকিস্তানের জন্য ‘দুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার পাড়ি দেওয়ার মতোই। এই রান তাড়া করতেও মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। রানের খাতা না খুলেই সাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। এরপর আরও তিন উইকেট হারিয়ে প্রথম পাঁচ ওভার শেষে পাকিস্তানের স্কোর—৩৪/৪! চার ব্যাটারের কেউ-ই ব্যক্তিগত রানকে দুই অঙ্কে নিতে পারেননি। শূন্য রানে আউট হওয়া সাহিবজাদার পর সায়েম আইয়ুব, সলমন আগা, বাবর আজম ফিরেছেন ৬, ৪ ও ৫ রান করে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ৪ উইকেট খুইয়ে বসার পর পঞ্চম উইকেটে দুই খান শাদাব ও উসমান ৩৫ বলে ৩৯ রানে জুটি গড়ে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু তারা ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই উসমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ৩৪ বলে ৪৪ রান করেন উসমান। তাঁর আউটের পর মহম্মদ নেওয়াজ (৪) ও শাদাব খানও (১৪) আউট হয়ে গেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। অবশেষে ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান।  ভারতের হয়ে ২টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী। কুলদীপ যাদব ও তিলক বর্মা একটি করে উইকেট নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *