আবেগ ও প্রতিদ্বন্দ্বিতার মিশেলে জমজমাট শুরুর অপেক্ষা, প্রথম ম্যাচে হায়দরাবাদের সামনে বিরাটরা
ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬। ১৯তম এই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে নানা আবেগ, প্রত্যাশা এবং উত্তেজনা। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির ঝলক টি২০ ক্রিকেটে আরও একবার দেখার অপেক্ষায় দর্শকরা।

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তবে শুধুই ক্রিকেট নয়, আবেগও ঘিরে রেখেছে এই ম্যাচকে। গত মরশুমে ট্রফি সেলিব্রেশনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, যা এবারের শুরুটা কিছুটা হলেও ভারাক্রান্ত।সে’ কারমেই যেমন উদ্বোধনী অনুষ্ঠান হবে না। তেমনই গ্যালারিতে প্রাণ যাওয়া ১১ সমর্থকের জন্য আরসিবি রাখবে গ্যালারিতে ফাঁকা আসন। নীরবতা দিয়েই শুরু হবে ম্যাচও। দুই দলই কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে শুরু করছে তাদের অভিযান। আরসিবির বোলিং বিভাগে ঘাটতি থাকলেও ব্যাট হাতে বিরাট কোহলি, রজত পাতিদার, টিম ডেভিডরা ভরসা। অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপে ট্রাভিস হেড, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেনদের ওপর নজর থাকবে।

আইপিএলের সবচেয়ে সফল দলগুলিও এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা নিজের ফর্মে ফিরতে এবং দলকে ষষ্ঠ খেতাব এনে দিতে বদ্ধপরিকর। চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে এখনও সবচেয়ে বড় আকর্ষণ ধোনি-এটাই কি তাঁর শেষ আইপিএল, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কলকাতা নাইট রাইডার্সও নতুন করে দল গুছিয়ে ফের লড়াইয়ে ফিরতে প্রস্তুত। এছাড়াও তরুণ ও আনক্যাপড ক্রিকেটারদের জন্য এই মঞ্চ বড় সুযোগ হয়ে উঠতে চলেছে। নতুন প্রতিভার উত্থান এবং অভিজ্ঞদের দাপট-এই দুইয়ের লড়াইয়ে আগামী ৬৫ দিন ক্রিকেট দুনিয়া থাকবে উৎসবের আমেজে।

সব মিলিয়ে, তারকা ও তারুণ্যের মেলবন্ধনে আইপিএল ২০২৬ আবারও প্রমাণ করতে চলেছে কেন এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ। এখন দেখার, পরিচিত মুখেরাই আলো কাড়েন, নাকি নতুনরা লিখে দেয় নতুন ইতিহাস।

