ফিফা জানিয়েছে সূচি বদলের পরিকল্পনা নেই, তবে কি বিশ্বকাপ খেলা হবে না ইরানের?
২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে বড়সড় অনিশ্চয়তার মুখে ইরান। যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলতে অনীহা জানিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছে তেহরান, যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই দেশের মধ্যে চলতি সংঘাত এবং নিরাপত্তা উদ্বেগের জেরে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন কার্যত প্রশ্নের মুখে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে রাজি নয় তাদের দল। তাঁর বক্তব্য, যদি ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজন করা হয়, তবেই ইরান বিশ্বকাপে অংশ নেবে। এরমধ্যেই ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানালেও এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া মেলেনি।
পরিস্থিতি আরও জটিল হয়েছে যুক্তরাষ্ট্র-ইজরায়েল ও ইরানের পাল্টাপাল্টি সংঘাতে। গত কয়েক সপ্তাহে উত্তপ্ত হয়ে ওঠা এই ভূরাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো স্পষ্ট করে দিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ভেন্যু পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই। ফলে ইরানের দাবি কার্যত ধাক্কা খেয়েছে। এই অবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত বলেই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। যদিও দোনিয়ামালি জানিয়েছেন, দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং খেলোয়াড়রা টুর্নামেন্টের জন্য তৈরি থাকবেন। পাশাপাশি ফিফার কাছে আবারও নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে তেহরান।
উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ৪৮ দলের এই বিশ্বকাপ। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলি যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত ইরান মাঠে নামবে কি না, তা নির্ভর করছে ফিফার সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর।
