ভোট গণনার আগের দিন নিরাপত্তা সংশয়! বদলে গেল আইএসএলে ডার্বির দিন! কবে হবে ডার্বি?
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বি শেষ পর্যন্ত পিছিয়ে গেল। আইএসএলে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা ছিল ৩ মে, কিন্তু প্রশাসনিক কারণে সেই ম্যাচ এখন হবে ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সময় অপরিবর্তিত রেখে সন্ধে ৭:৩০ মিনিটেই শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। মোহনবাগান ক্লাবের তরফে জানানো হয়েছে, ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের কারণে গণনার আগের দিন শহরে এত বড় ম্যাচ আয়োজন নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। নির্বাচন কমিশন ১৫ মার্চ ভোটের সূচি ঘোষণা করার পরই স্পষ্ট হয়ে যায় যে, ৩ মে ডার্বি আয়োজন কার্যত অসম্ভব। সেই কারণেই আইএসএল কর্তৃপক্ষ সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। শুধু ডার্বিই নয়, নির্বাচনের প্রভাব পড়েছে আরও ম্যাচে। ২৬ এপ্রিল ইন্টার কাশীর বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটিও পিছিয়ে ১২ মে করা হয়েছে। একইসঙ্গে ১৭ মে-ই কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচ রয়েছে, যদিও সেটি নিয়েও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এবারের আইএসএল সুইস ফরম্যাটে হওয়ায় প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি, তাদের ঠিক পিছনে ১৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান। অন্যদিকে, ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইস্টবেঙ্গল। ফলে লিগের শেষ লগ্নে এই ডার্বি খেতাব নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে, যা বাড়তি উত্তেজনা তৈরি করেছে সমর্থকদের মধ্যে।
