শীঘ্রই আসতে চলেছে ‘কভি খুশি কভি গম ২’! কী বিশেষ ঘোষণা করণ জোহরের?
বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘কভি খুশি কভি গম’। দুই দশকের বেশি পেরিয়েও যার জনপ্রিয়তা একটুও কমেনি। এই ছবির সিক্যুয়েল নিয়ে বহুদিন ধরেই দর্শকের মধ্যে কৌতূহল ছিল। অবশেষে সেই জল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক করণ জোহর।
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, এই ছবির সিক্যুয়েল তৈরি হওয়া নিয়ে। সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে, অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। তবে কি সত্যিই এবার আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল?
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, “এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ আবেগ এবং নস্টালজিয়া। প্রজন্মের পর প্রজন্ম এই ছবিকে ভালোবেসেছে, আবেগটাই এই ছবির আসল শক্তি।”
তিনি আরও জানান, এমন একটি আইকনিক ছবিকে নতুনভাবে ফিরিয়ে আনার চেষ্টা করলে সেই পুরনো অনুভূতি নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি মনে করেন, কিছু গল্প যেমন আছে তেমনভাবেই রেখে দেওয়াই উচিত, যাতে তার নিজস্বতা অটুট থাকে।
২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবিটি একটি ধনী পরিবারের গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের টানাপড়েনের কারণে পরিবার ভেঙে যায়, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা ও আবেগের মাধ্যমে আবার পুনর্মিলন ঘটে। ছবিতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃত্বিক রোশন এবং করিনা কাপুর খানের পাশাপাশি ফারিদা জলাল, সুশমা শেঠ, অলক নাথ, জনি লিভার, হিমানি শিবপুরী ও সিমোন সিংয়ের মতো অভিনেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এছাড়াও বিশেষ উপস্থিতিতে দেখা গিয়েছিল রানি মুখোপাধ্যায়কে। সময়ের সঙ্গে সঙ্গে এই ছবি তাঁর উপস্থাপনা, স্মরণীয় গান এবং আবেগঘন মুহূর্তের জন্য আজও দর্শকের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে।
