দু’বার পিছিয়েও দুরন্ত কামব্যাক, পাঞ্জাবকে হারিয়ে লিগ দৌড়ে ফিরল মোহনবাগান

0

মাস্ট-উইন ম্যাচে কামব্যাক মোহনবাগানের। যুবভারতীতে দু’বার পিছিয়ে পড়েও অসাধারণ কামব্যাক করে পাঞ্জাব এফসি-কে ৩-২ ব্যবধানে হারিয়ে লিগ জয়ের দৌড়ে নিজেদের জোরালোভাবে ফিরিয়ে আনল সবুজ-মেরুন শিবির।
ম্যাচের শুরুটাই ছিল ধাক্কা। ১২ মিনিটে মহম্মদ উবেসের নিখুঁত ক্রস থেকে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন রামিরেজ। গোলের পর তাঁর ‘স্টেনগান’ সেলিব্রেশন আরও চাপে ফেলে বাগানকে। তবে ধাক্কা সামলে দ্রুত ম্যাচে ফেরে সার্জিও লোবেরার দল। ২৯ মিনিটে শুভাশিস ও রবিনহোর পাসে দুর্দান্ত ফিনিশ করে সমতা ফেরান জেমি ম্যাকলারেন। চলতি আইএসএলে এটা তাঁর অষ্টম গোল, যা তাঁকে লিগের শীর্ষ গোলদাতাদের তালিকায় এগিয়ে রেখেছে।
প্রথমার্ধে আরও নাটকীয় মুহূর্ত তৈরি হয়। ৩৯ মিনিটে লিস্টন কোলাসোর গোল অফসাইডে বাতিল হয়। ৪৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন পাঞ্জাবের রামিরেজ। অতিরিক্ত সময়ে লিস্টনের কর্নার থেকে দিমিত্রি পেত্রাতোসের গোলও অফসাইডের কারণে খারিজ হয়ে যায়। ফলে বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ১-১।
দ্বিতীয়ার্ধে লড়াই আরও তীব্র হয়।
বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় দুই দলই। ৬০ মিনিটে আবার এগিয়ে যায় পাঞ্জাব। রামিরেজের পাস থেকে তৈরি হওয়া আক্রমণে শেষ পর্যন্ত এফিয়ং ভলিতে বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-১ করেন। এর আগে তাঁর একটি শট দুর্দান্তভাবে বাঁচান বিশাল কাইথ, কিন্তু দ্বিতীয়বার আর রক্ষা হয়নি।
তবে গোল খেয়েই ঘুরে দাঁড়ায় মোহনবাগান। ৬৯ মিনিটে কোচ সার্জিও লোবেরার পরিবর্তন—রবিনহো ও টাংরিকে তুলে জেসন কামিংস ও সাহাল আব্দুল সামাদকে নামানো—ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৭৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে সাহালের দুরন্ত শটে সমতা ফেরে বাগানের। আর্শদীপ ডাইভ দিয়ে ছুঁয়েও বল আটকাতে পারেননি।
শেষদিকে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নির্ধারিত সময়ের সঙ্গে ৭ মিনিট অতিরিক্ত সময় যোগ হয়। সেই অতিরিক্ত সময়ের ৯১ মিনিটে জয়সূচক গোল আসে বাগানে। বক্সের ডানদিক থেকে নেওয়া ফ্রি-কিকে জেসন কামিন্স বল ঘুরিয়ে ৬ গজের মধ্যে পাঠান। গোলরক্ষক অর্শদীপ বল ক্লিয়ার করতে বেরিয়ে এসে সম্পূর্ণ মিস করলে বল সরাসরি জালে জড়িয়ে যায়। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে মোহনবাগান।
গত তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়া দলের কাছে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বই এফসি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *