গতবার এই দিনে দিমির গোলে হতাশ হয়েছিলেন, এ বার উচ্ছ্বাসিত লোবেরা, চেন্নাইয়িনকে হারাল বাগান
বসন্তের বাগানে ফুল ফোটালেন দুই অস্ট্রেলিয়ান। আইএসএলের দ্বিতীয় ম্যাচেও ঘরের মাঠে সহজ জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ২-০ জয় পেল মোহনবাগান। দুটি গোল করেন দুই অস্ট্রেলিয়ান, জেমি ম্যাকরালেন আর দিমিত্রি পেত্রাতস। টানা দ্বিতীয় ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গল দু’ম্যাচে সাত গোল করে শীর্ষস্থানে। অনেকদিন পর বাংলার দুই প্রধান শীর্ষস্থানের লড়াইয়ের নামল।

ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করেছিল সবুজ মেরুন ব্রিগেড। আক্রমণে দুই একবার উঠে এলেও রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল চেন্নাইয়িন। প্রথমার্ধের একেবারে শেষ সময়ে ১-০ করেন জেমি।অনিরুদ্ধ থাপার নিখুঁত থ্রু পাস ধরে জেমি ম্যাকলারেন চেন্নাইয়িনের রক্ষণভাগ ভেদ করে ঢুকে পড়েন। গোলরক্ষক সমিক এগিয়ে এসে অ্যাঙ্গেল ছোট করার চেষ্টা করলেও, ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন ম্যাকলারেন। বিরতির পরও অবশ্য কোনও রঙ বদলায়নি ম্যাচের। মাঠ জুড়ে দাপুটে পারফরম্যান্সই করে মোহনবাগান। ৬৫ মিনিটে পরের গোলটাও পেয়ে যায় মোহনবাগান। বাঁ দিক থেকে বক্সের ভেতরে শুভাশিস একটি দুর্দান্ত ক্রস ভাসিয়ে দেন। দূরের পোস্টে থাকা পেত্রাতোস দ্রুত শট নিয়ে গোল করেন। শটটি সামিকের হাতে লাগলেও গোলে ঢুকে যায়। গোল করেই গ্যালারির দিকে ছুটে গিয়ে উরু চাপড়ে সেই চিরাচরিত সেলিব্রেশনে মেতে ওঠেন দিমিত্রি পেত্রাতস। এক বছর আগে একই দিনে ওড়িশার বিরুদ্ধে গোল করেছিলেন অজি তারকা। তাঁর একমাত্র গোলেই লিগ শিল্ড নিশ্চিত করেছিল মোহনবাগান এসজি। সেদিন বিপক্ষ দলে ছিলেন লোবেরা। এদিন দিমির গোলে উচ্ছ্বাসে মাতেন সেই তিনিই। যেবাবে খেলা হচ্ছিল, তাতে আরও গোলের আশায় ছিলেন সবুজ মেরুন সমর্থকরা। কিন্তু সহজ কয়েকটি সুযোগ শেষপর্যন্ত জালে ঢোকেনি বল।

