আইএসএলের বোধনে ভালবাসার দিনে ম্যাকলারেনরা সমর্থকদের জয় উপহার দিলেন

0

ভালবাসার দিন। ভালবাসার উপহার। গতবারের চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নের মতোই আইএসএল শুরু। খুশি সবুজ মেরুন সমর্থকরা। আইএসএলের বোধনেই ফুল ফুটল বাগানে।শনিবার যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারাল মোহনবাগান। দুটি গোল উপহার দিলেন জেমি ম্যাকলারেন ও টম অলড্রেড। সেইসঙ্গে লোবেরা জমানার শুরুটাও হল জয় দিয়েই।


মেসির তাণ্ডবে ভাঙচুর হওয়া যুবভারতী আইএসএলের জন্যই তড়িঘড়ি নতুন রূপে ফের সুসজ্জিত হয়েছে। সবুজ মেরুন সমর্থকরা ভালবাসার দিনে ভরিয়ে দিয়েছিলেন টিফোয়। সে টিফোয় অবশ্য ভালবাসা নয়, ভাষার ঐতিহ্য রক্ষায় গর্জন ছিল। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লিয়েন্ডার পেজদের ছবি সংবলিত টিফোই নজর করেছে যুবভারতীতে। লেখা, ‘বাঙালি ভারতকে দিয়েছে সম্মান, শিখিয়েছে মৈত্রী, নেতৃত্ব। আজ বাংলা বললে সে ‘বাংলাদেশি’ ধর্ম সংকটে জাতীয়তা।’ গর্জন উঠেছিল গ্যালারিতে, ‘বাংলা বললে সে বাংলাদেশি?’


এদিন মাঠে শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গিয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে। ম্যাচের ৩৫ মিনিটে দিমির পাস থেকে বাঁ পায়ে শট নিয়ে গোল করে বাগানকে এগিয়ে দেন ম্যাকলারেন। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে খেলা থামায় সবুজ মেরুন।দ্বিতীয়ার্ধের শুরুতেও মোহনবাগানের কাছে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু গোল করতে ব্যর্থ হন দিমি, জিমিরা।একস্ট্রা টাইমে গোল করে মোহনবাগানের ব্যবধান বাড়িয়ে দেন টম অলড্রেড। ফলে শেষ পর্যন্ত ২ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।


যুবভারতীতে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অনেকদিন পর ভারতবর্ষে আবারও ফুটবল যে গড়াল, এটাই সবচেয়ে বেশি আনন্দের দিন। মোহনবাগানের জয়ে আমি অবশ্যই খুব খুশি। কিন্তু, আইএসএল টুর্নামেন্ট ফের শুরু হওয়া আমার কাছে আরও বেশি আনন্দদায়ক। এতদিন ধরে আমরা সকলেই যথেষ্ট উদ্বেগে ছিলাম, আদৌ এই টুর্নামেন্টের আয়োজন করা হবে কি না। অবশেষে সেই টুর্নামেন্ট হচ্ছে। এর পিছনে যাঁরা জড়িত, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আশা করছি, এবারও আইএসএল টুর্নামেন্ট খুব ভালোভাবে আয়োজন করা হবে ও মোহনবাগান অবশ্যই চ্যাম্পিয়ন হবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *