বাগানের পঞ্চবাণে ফিকে সাদা-কালো, রবসনের জোড়া গোলে জয়ের হ্যাটট্রিকে লিগ শীর্ষে সবুজ মেরুন

0

বসন্ত এসে গেছে। বাগানের ফুল ফোটানো দেখলেই তা বোঝা যায়। শিমুল, পলাশ নয়, শুধু গোল আর গোল। বিদেশিহীন মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধেই নেমেছিল মোহনবাগান। সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি বাগানের বিদেশিরা। একেবারে পঞ্চবাণে বিদ্ধ করে লিগ শীর্ষে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। খেলার ফল ৫-১। তাতেই এ বারের আইএসএলে জয়ের হ্যাটট্রিক পেল মোহনবাগান। এই ম্যাচে বাগানের হয়ে জোড়া গোল করলেন রবসন রবিনহো। একটি করে গোল করলেন ম্যাকলারেন, মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতোস।
তবে ম্যাচের শুরুটা ভালই করেছিল মহমেডান স্পোর্টিং। ১২ মিনিটের মাথায় একটি কর্নার কিকের সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দিয়েছিলেন লালথানকিমা। গোল হজম করেই যেন জেগে ওঠে সবুজ মেরুন ব্রিগেড। শুরু হয় তাণ্ডব। ২২ মিনিট পর্যন্ত মহমেডান নিজেদের লিড ধরে রাখতে পেরেছিল। কিন্তু, এরপর বাগানের হয়ে অসাধারণ ফিনিশিংয়ে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহো। আইএসএল টুর্নামেন্টে এটাই তাঁর প্রথম গোল। এর পাঁচ মিনিটের মধ্যেই দলের ও নিজের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। ব্ল্যাক পান্থার্সদের একেবারে চুপ করিয়ে দেন জেমি ম্যাকলারেন। ৩৫ মিনিটেই তিনি বাগানকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। তিন-এক গোলের ব্যবধানেই প্রথমার্ধ শেষ করে মোহনবাগান।


এরপর দ্বিতীয়ার্ধেও সমান দাপটে খেলা শুরু করে মোহনবাগান। ৬২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন মনবীর সিং। তার ৮ মিনিট পরই শেষ পেরেকটি পুঁতে দেন দিমিত্রি পেত্রাতস।শেষপর্যন্ত ৫-১ গোলেই জয় পায় মেরিনার্সরা। গোলের একাধিক সুযোগ নষ্ট না করলে আরও বেশি ব্যবধানে জিততে পারত মোহনবাগান। যদিও ৫ গোল দেওয়ায়, গোল ব্যবধানে এগিয়ে লিগ শীর্ষে পৌঁছে যায় মোহনবাগান।

দুই প্রধানের ঐতিহাসিক গুরুত্বকে তুলে বিশেষ টিফো নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন দর্শকরা।তাছাড়াও আরও একটা টিফোয় লেখা ছিল, ‘প্রতিপক্ষরা দেখে নাও সব ট্রফি আমাদের হাতে’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *