‘বার বার চাইত আমরা যাতে একসঙ্গে কাজ করি’, কার প্রার্থনায় আবার একসঙ্গে গৌরব-শোলাঙ্কি?
বহু দিনের প্রতীক্ষার অবসান। ‘গাঁটছড়া’র পরে দর্শকের মনে প্রশ্ন ছিল কবে আবার একসঙ্গে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়কে। ওই ধারাবাহিকের পরে তাঁদের আলাদা আলাদা ভাবে বিভিন্ন কাজে দেখা গিয়েছে। কিন্তু এই দিনটার দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা। কিছু দিন হল শুরু হয়েছে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকটি। যদিও শোলাঙ্কি এবং গৌরব সব কৃতিত্ব দিয়েছেন অন্য এক জনকে।

কার প্রার্থনায় আবার এক হলেন তাঁরা? গৌরব জানিয়েছে, তাঁর স্ত্রী দেবলীনা কুমার বহু বার নাকি শোলাঙ্কির সঙ্গে তাঁকে পর্দায় আবার দেখতে চেয়েছেন। দেবলীনার প্রসঙ্গ উঠতেই সহমত শোলাঙ্কিও। তিনি বলেন, “হ্যাঁ, দেবলীনা আমাকেও বলেছে। ওর নাকি পর্দায় আমাদের একসঙ্গে দেখতে খুব ভাল লাগে।” লাজুক হেসে গৌরবের উত্তর, “হ্যাঁ, আমাকে বলত তোমরা আবার একসঙ্গে অভিনয় করো।” এই ধারাবাহিকেও প্রেমের মোড়ক রয়েছে। কিন্তু কীভাবে সেই প্রেম হবে সেটা দেখার অপেক্ষায় তাঁদের অনুরাগীরা।

শেষ গৌরবকে দর্শক দেখেছিল, ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে। অন্যদিকে শোলাঙ্কির অভিনয়জীবন বেশ রঙিন। ‘গাঁটছড়া’র পরে আর সে ভাবে ধারাবাহিকে দেখা যায়নি। অনেকে ধরেই নিয়েছিলেন তাঁকে আর ছোটপর্দায় দেখা যাবে না। শোনা গিয়েছিল, নায়িকা শুধুই মন দিয়েছেন বড়পর্দা এবং ওয়েব সিরিজের কাজে। বড়পর্দায় মাঝে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে। এত কাজের মাঝে শোলাঙ্কির ব্যক্তিগত জীবন নিয়েও বিপুল আলোচনা হয়েছে। তবে সব সরিয়ে রেখে এ যেন আবার ঘরে ফেরা। এই ধারাবাহিকের মাধ্যমে শুধু যে গৌরব-শোলাঙ্কি জুটিতে ফেরত পাচ্ছে দর্শক তেমন নয়। অনেক দিন পরে ছোটপর্দায় ফিরছেন শ্রীময়ী চট্টরাজ। এ ছাড়াও ছয় বছর পরে ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকেও।
