ম্যাজিক নাকি! লাহোরে ম্যাচ চলাকালীন আচমকাই বলের রং বদল!  শুরুতেই বিতর্কে পিএসএল

0

শুরু হতেই বিতর্কের মুখে পাকিস্তান সুপার লিগ , পিএসএল ২০২৬। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসম্যানের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ক্রিকেট বলের অদ্ভুত রূপ বদল। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সাদা বলের ম্যাচ আচমকাই ‘পিঙ্ক বল’ ম্যাচে পরিণত হওয়ায় বিস্মিত ক্রিকেটমহল। ম্যাচ চলাকালীন দেখা যায়, ফিল্ডাররা বল চকচকে করার জন্য ট্রাউজারে ঘষতেই জার্সির রং বলের গায়ে লেগে যাচ্ছে। দ্বিতীয় ওভার পেরোতেই ধবধবে সাদা বল প্রথমে গোলাপি, পরে লালচে আভা ধারণ করে। বিষয়টি মাঠে থাকা খেলোয়াড় থেকে আম্পায়ার- সকলকেই অবাক করে দেয়।

হায়দরাবাদ কিংসম্যানের অধিনায়ক তথা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্নাস লাবুশেন প্রথম এই অস্বাভাবিকতা লক্ষ্য করেন। তিনি আম্পায়ারদের কাছে অভিযোগ জানিয়ে বলেন, ‘দ্বিতীয় ওভারেই বুঝতে পারি বলের রং বদলাচ্ছে। এমন ঘটনা আগে কখনও দেখিনি। ব্যাট বা প্যাডের রং লেগে যেতে দেখেছি, কিন্তু পোশাকের রং লেগে সাদা বল লাল হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম।’ যদিও ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় লাহোর কালান্দার্স, তবুও মাঠের বাইরের এই বিতর্কই ছাপিয়ে যায় খেলার ফলাফল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, ১৫তম ওভারের পর বল পরিবর্তন করতেও বাধ্য হন আম্পায়াররা। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই বলের রং বদলের বিষয়টি খালি চোখেই স্পষ্ট হয়ে ওঠে।
ঘটনার জন্য মূলত হায়দরাবাদ কিংসম্যানের নিম্নমানের জার্সিকেই দায়ী করা হচ্ছে বলে একাধিক সূত্রের দাবি। যদিও লাহোরের পেসার হারিস রউফ ভিন্ন মত পোষণ করে বলেন, গ্যালারির সিট থেকেও রং লেগে থাকতে পারে। তবে এই ব্যাখ্যা বিতর্ক আরও বাড়িয়েছে।ম্যাচ শেষে অবশ্য হায়দরাবাদ কিংসম্যান বিষয়টিকে খানিকটা হালকাভাবে নিয়ে সমাজ মাধ্যমে মজার ছলে পোস্ট করে- ‘পিএসএলের ইতিহাসে প্রথম পিঙ্ক বল ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন’। তবে টুর্নামেন্টের শুরুতেই এমন অপেশাদার ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজিগুলি। পেশাদার ক্রিকেটে কিটের গুণমান নিয়ে যেখানে কড়াকড়ি থাকে, সেখানে কীভাবে এমন নিম্নমানের জার্সি ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা। অনেকেই একে পিএসএলের ‘চরম অপেশাদারিত্ব’ বলেই আখ্যা দিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *