শুধু ক্রিকেটেই নয়, ফুটবলেও এ বার পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল ভারত

0



পাকিস্তানকে হারানো যেন ভারতের অভ্যাসে পরিণত হয়ে গেছে, সে ক্রিকেট হোক বা ফুটবল! সব ক্ষেত্রেই জয়ের সেই ধারাবাহিকতা বজায়। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে অভিযান শুরু করল ভারত। মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এই জয়ের সুবাদে গতবারের চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল পাকিস্তানকে।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারতীয় যুব দল। খেলার মাত্র ৩ মিনিটের মাথায় গুরনাজ সিং গ্রেওয়ালের নিখুঁত পাস থেকে বিশাল যাদব গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষদিকে পাকিস্তান কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করলেও ভারতীয় রক্ষণভাগ তা দক্ষতার সঙ্গে সামলে নেয়। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ভারত। ৬৪ মিনিটে ওমাং ডোডুমের দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি পায় ভারত, যখন প্রশান জাজো বক্সের মধ্যে ফাউলের শিকার হন। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ভারতের ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন ডোডুম।


এই জয়ের ফলে গ্রুপ-বি থেকে ভারত ও বাংলাদেশ-দুই দলই সেমিফাইনালে পৌঁছে গেছে। শনিবার ভারত ও বাংলাদেশের মুখোমুখি লড়াই নির্ধারণ করবে, কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে যাবে। অন্যদিকে, প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে ছিল বাংলাদেশ। ভারতের কাছে পাকিস্তানের এই হারের ফলে বাংলাদেশের শেষ চারের জায়গাও নিশ্চিত হয়। বর্তমানে ভারত ও বাংলাদেশের পয়েন্ট সমান ৩ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ভারত। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে বাংলাদেশকে জিততেই হবে, ড্র হলেই শীর্ষস্থান ধরে রাখবে ভারত। উল্লেখ্য, টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ এপ্রিল এবং ফাইনাল ম্যাচটি হবে ৩ এপ্রিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed