প্রসেনজিতের নেতৃত্বে রাতেই তালসারির পৌঁছোলেন প্রিয়াঙ্কা, দুর্ঘটনাস্থলে গিয়ে কী পদক্ষেপ করবেন তাঁরা?

0

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই উত্তাল টলিপাড়া। কীভাবে তালসারিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই একের পর এক পদক্ষেপ করছে ইন্ডাস্ট্রি। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়েরের পথে হেঁটেছে আর্টিস্ট ফোরাম। আর এবার তদন্তের স্বার্থে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সরাসরি ঘটনাস্থলে পৌঁছোলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-সহ টলিউডের একাধিক তারকা।

শনিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করতে পৌঁছেছিলেন প্রসেনজিতেরা, সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কাও। দীর্ঘ নীরবতার পর এই প্রথম প্রকাশ্যে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায় তাঁকে। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশিস রায় তালসারিতে  যাওয়ার সিদ্ধান্ত নেন।

জানা গিয়েছে, সেখানে পৌঁছে তাঁরা ওড়িশা পুলিশের সঙ্গে কথা বলবেন এবং ঘটনার দিন ঠিক কী হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন। প্রসঙ্গত, ঘটনার পর থেকেই নানা অসঙ্গতি সামনে আসছে ইউনিটের সদস্যদের বয়ানে। সেই কারণেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে সেই উত্তরে সন্তুষ্ট না হওয়ায় আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই তালসারিতে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইতিমধ্যেই পদযাত্রা, প্রতিবাদ এবং আইনি পদক্ষেপ, সব মিলিয়ে সরব হয়ে উঠেছে টলিউড।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed