ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য, ১ ঘণ্টারও বেশি জলের তলায় ছিলেন রাহুল!

0

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যু ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, যা এই ঘটনাকে ঘিরে নতুন প্রশ্ন তুলছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলে ডুবে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, খাদ্যনালি, শ্বাসনালি এমনকি পাকস্থলির ভিতরেও মিলেছে বালির উপস্থিতি। রিপোর্ট অনুযায়ী, ফুসফুস এতটাই ফুলে গিয়েছিল যে তা প্রায় দ্বিগুণ আকার ধারণ করে। ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে রাহুলের তা স্পষ্ট জানার জন্য ইতিমধ্যেই তাঁর দেহ থেকে ভিসেরা সংগ্রহ করে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে।

চিকিৎসকদের মতে, স্বল্প সময় জলে ডুবে থাকলে এমন পরিস্থিতি তৈরি হয় না, বরং দীর্ঘ সময় জলের নিচে থাকলেই এই ধরনের অবস্থা হতে পারে। প্রাথমিকভাবে অনুমান, অন্তত এক ঘণ্টার বেশি সময় ধরে জলের তলায় ছিলেন তিনি।

ইতিমধ্যেই তাঁর দেহ তমলুক থেকে ময়নাতদন্ত সেরে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। সঙ্গে রয়েছেন ইউনিটের সদস্যরা এবং তাঁর ঘনিষ্ঠরা। বিজয়গড়ের বাড়িতে শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, ঘটনার তদন্তে নতুন দিক হিসেবে সামনে এসেছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং-এর ক্যামেরা ফুটেজ। জানা গিয়েছে, দুর্ঘটনার আগের কিছু মুহূর্ত সেই ক্যামেরায় ধরা রয়েছে বলে অনুমান। ইতিমধ্যেই সেই ফুটেজ তদন্তের স্বার্থে সংগ্রহ করেছে পুলিশ। ওড়িশা পুলিশের দাবি, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে জলে নেমে শ্যুটিংয়ের কোনও অনুমতি নেওয়া হয়নি।

পাশাপাশি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জোয়ারের প্রভাব ও চোরাবালির কারণে পরিস্থিতি হঠাৎ করেই বিপজ্জনক হয়ে ওঠে। সব মিলিয়ে, অভিনেতার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে, ঠিক কী ঘটেছিল সেই মুহূর্তে, তা জানতে এখন তদন্তের দিকেই তাকিয়ে সকলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed