চেক বাউন্স মামলায় স্বস্তি রাজপাল যাদবের, কী নির্দেশ দিল্লি হাই কোর্টের?
দীর্ঘদিনের আইনি জটিলতার মাঝে বড় স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আপাতত তাঁকে আর জেলে যেতে হবে না বলে জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি স্বরানা কান্ত শর্মা জানান, অভিনেতার পক্ষ থেকে ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা দেওয়া হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই আপাতত তাঁকে কারাবন্দি করার প্রয়োজন নেই বলে পর্যবেক্ষণ আদালতের।
আদালতে রাজপালের আইনজীবী জানান, মুরলীধর প্রজেক্টস প্রাইভেট লিমিটেড সংস্থাকে ইতিমধ্যেই ৪.২৫ কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ওই দিন আরও ২৫ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট জমা করা হয়েছে।
এই তথ্য সামনে আসার পর বিচারপতি মন্তব্য করেন, যেহেতু বকেয়া টাকার একটি বড় অংশ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে অভিনেতাকে জেলে পাঠানো হবে না। একই সঙ্গে তিনি জানান, মূল মামলার শুনানি চালিয়ে যাওয়া হবে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১ এপ্রিল।
উল্লেখ্য, এই মামলার সূত্রপাত একটি অভিযোগ থেকে, যেখানে রাজপাল যাদব ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একাধিক চেক বাউন্স হওয়ার অভিযোগ ওঠে। ২০১৮ সালে একটি নিম্ন আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে এবং ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। পরে সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন তাঁরা।
গত কয়েক বছরে এই মামলা নিয়ে একাধিকবার আদালতে শুনানি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ না হওয়ায় অভিনেতাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছিল। সব মিলিয়ে, আইনি লড়াই এখনও শেষ হয়নি। তবে আপাতত বড় ধাক্কা থেকে রেহাই পেলেন রাজপাল যাদব। এখন নজর পরবর্তী শুনানির দিকে।
