আদর করে অনন্যাকে স্পর্শ ‘ধুরন্ধর’-এর জামিল জামালির, কটাক্ষের বিদ্ধ অভিনেতা রাকেশ বেদী
সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদী। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর আচরণ ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক ও জল্পনা।
কয়েক মাস আগেই সহ-অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে একটি মুহূর্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে ছড়িয়ে পড়েছে মুম্বইয়ে একটি অনুষ্ঠানের ভিডিয়ো। যেখানে অনন্যা পাণ্ডে ও কিয়ারা আডবাণীর সঙ্গে দেখা যাচ্ছে রাকেশ বেদীকে। কথোপকথনের সময় তাঁকে একাধিকবার অনন্যার থুতনি ছুঁয়ে, স্নেহপ্রকাশ করতে দেখা যায়। এই দৃশ্যই নজর কেড়েছে দর্শকের।

একাংশের মতে এটি নিছকই স্নেহের বহিঃপ্রকাশ। তবে অন্যদের দাবি, অনন্যার মুখের অভিব্যক্তিতে খানিক অস্বস্তির ইঙ্গিত ছিল। অনেকে আবার এই মুহূর্তকে রাকেশ বেদীর আলোচিত সংলাপ ‘বাচ্চি হ্যায় তু মেরি’-র সঙ্গে মিলিয়ে দেখছেন। কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, হয়তো তিনি সেই সংলাপের অংশই বলছিলেন।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় অনন্যা পাণ্ডেকেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন সিনিয়র অভিনেতার সঙ্গে কথা বলার সময় তিনি আসন ছেড়ে ওঠেননি, যা নেটিজেনদের একাংশের চোখে অসম্মানজনক বলে মনে হয়েছে।
উল্লেখ্য, রাকেশ বেদী দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। দীর্ঘ অভিনয় জীবনে বহু স্মরণীয় কাজ দর্শককে উপহার দিয়েছেন তিনি। ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর আবারও লাইমলাইটে ফিরেছেন রাকেশ বেদী। সাম্প্রতিক এই ভাইরাল মুহূর্তই তাঁকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে। তবে ভিডিয়োর প্রকৃত প্রেক্ষাপট বা সেই সময় ঠিক কী কথোপকথন হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ফলে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা চলছে, তার বেশিরভাগই অনুমানের উপর নির্ভর করছে।
