সীতার চরিত্রে সাই পল্লবী নয়, কাকে বেশি মানাত? জানালেন রণবীর কাপুর
সম্প্রতি মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণের’ টিজার। যা ইতিমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ছবিটির টিজার লস অ্যাঞ্জেলেসে একটি বিশেষ স্ক্রিনিংয়ে দেখানো হয়েছে।যেখানে রণবীর কাপুরও উপস্থিত ছিলেন। ছবিটিতে রণবীরকে ‘শ্রী রাম’-এর ভূমিকায় দেখতে পাওয়া যাবে। স্ক্রিনিং অনুষ্ঠানে রণবীর ‘সীতা’-র চরিত্রে অভিনীত সাই পল্লবীর কাস্টিং নিয়ে তাঁর অনুভূতি প্রকাশ করেন।উল্লেখ্য ,যখন প্রথমবার তিনি সাই পল্লবীকে সীতার ভূমিকায় দেখেন,তখনই তিনি নিশ্চিত হয়ে যান যে পরিচালক নীতেশ তিওয়ারির বাছাই নিখুঁত হয়েছে।
অভিনেতা রণবীর বলেন,”আমরা সবাই জানি সাই কতটা প্রতিভাবান অভিনেত্রী।তিনি জীবনে অভিনয় থেকে অনেক কিছু অর্জন করেছেন। প্রথম দিন যখন আমি সাইকে সীতার ভূমিকায় দেখলাম ,আমি শুধু নীতেশ স্যরের দিকে তাকিয়েছিলাম আর আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম যে তাঁর চেয়ে ভাল কাউকেই এই চরিত্রে নির্বাচন করা সম্ভব নয়।”
নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। এই ছবিতে যশের চরিত্রও বিশেষ আলোচনার কেন্দ্রে বলে জানা যাচ্ছে। রণবীর কাপুর জানিয়েছেন,”যশ অবশ্যই তার স্টারডমের কারণে বিখ্যাত। রাবণের চরিত্রে অভিনয় করতে হলে এমনই একজন অভিনেতাকে প্রয়োজন যাকে পর্দায় আকর্ষণীয় লাগে।”
টিজারে সাই পল্লবীর ধোঁয়াশা ভর্তি সীতার ছবি এবং যশের পুষ্পক রথে আগমনের কিছু চমকপ্রদ দৃশ্য দেখা গিয়েছে,যা ইতিমধ্যেই দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ভারতে টিজারটি হনুমান জয়ন্তীতে ২ এপ্রিল মুক্তি পেয়েছে । সেই উপলক্ষে একটি মিডিয়া ইভেন্টও ছিল, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক নিতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা।
ছবিটি দুই ভাগে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ৪০০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ভারতের সবচেয়ে দামি সিনেমাগুলোর তালিকায় শীর্ষে।সম্পূর্ণ ছবিটি আইম্যাক্স ফরম্যাটের জন্য ডিজাইন করা হয়েছে। ছবিটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে একই সময়ে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। বিশাল বাজেটে তৈরি এই মহাকাব্য ঠিক কতটা সার্থক হবে,তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
