উদয়পুরে জমে উঠেছে রশ্মিকা-বিজয়ের বিয়ের উৎসব! কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম?

0

দীর্ঘদিনের জল্পনা, গুঞ্জন আর অনুরাগীদের কৌতূহলের অবসান। অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। কিছু দিন আগেই সমাজমাধ্যমে ফাঁস হয়েছিল তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র। এবার সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া স্টোরির মাধ্যমেই কার্যত নিজেরাই প্রকাশ্যে আনলেন তাঁদের প্রেম এবং আসন্ন বিয়ের খবর। ‘দ্য ওয়েডিং অব ভিরোশ’ নামেই নিজেদের বিয়ের ঘোষণা করেছেন এই তারকা জুটি। যে নাম তৈরি করেছে তাঁদের অনুরাগীরাই। ইতিমধ্যেই উদয়পুরে শুরু হয়ে গিয়েছে তাদের প্রাক-বিয়ের উদ্‌যাপন।

ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের নিয়ে আয়োজিত প্রি-ওয়েডিং অনুষ্ঠানে দেখা মিলছে নানা আয়োজনের। একদিকে যেমন বিশেষ জাপানি মেনু সহ ডিনারের ব্যবস্থা করা হয়েছে, তেমনই বিনোদনের জন্য রাখা হয়েছে পুল-ভলিবল। হয়েছে ক্রিকেট ম্যাচেরও আয়োজন। যার নাম দেওয়া হয়েছে ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’। বিশেষভাবে তৈরি ব্যাট, পতাকা এবং স্মারক পদক এই আয়োজনে আলাদা মাত্রা যোগ করেছে।



কিন্তু কীভাবে শুরু হয়েছিল তাদের প্রেম? ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘গীত গোবিন্দম’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। পর্দায় তাঁদের স্বতঃস্ফূর্ত রসায়ন মুহূর্তেই মন জয় করে নিয়েছিল দর্শকের। ছবির সাফল্যের পর থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন। যদিও তখনও প্রকাশ্যে কোনও স্বীকারোক্তি মেলেনি। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যায় এই জুটিকে। ছবির প্রচারপর্বে তাঁদের বন্ধুত্ব আরও বেশি করে নজর কেড়েছিল অনুরাগীদের। ধীরে ধীরে সিনেমার পর্দা ছাড়িয়ে বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে থাকে।

পরবর্তী কয়েক বছরে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে রশ্মিকা ও বিজয়কে৷ কখনও ডিনার ডেট, কখনও বিদেশ ভ্রমণ, আবার কখনও পারিবারিক অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়াতে আলাদা আলাদা ছবি পোস্ট করলেও অনুরাগীরা মিল খুঁজে পেয়েছেন একই লোকেশন বা একই সময় উপস্থিতিতে। তবু প্রকাশ্যে তাঁরা বরাবরই একে অপরকে ‘ভালো বন্ধু’ বলেই উল্লেখ করেছেন। শোনা যায়, ২০২৫ সালের শেষদিকে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে গোপনে আংটি বদল করেছিলেন রশ্মিকা ও বিজয়।  সেই অনুষ্ঠানের আয়োজনও হয়েছিল সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে।

অবশেষে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরির মাধ্যমে নিজেদের বিয়ের কথা জানিয়ে দেন দু’জনে। সেখানে তাঁরা লেখেন, “তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্তের নাম রাখা হয়েছে “দ্যা ওয়েডিং অব ভিরোশ”, যা তাঁদের অনুরাগীদের দেওয়া নামের প্রতি শ্রদ্ধা জানিয়েই রাখা। বহু বছরের গোপন সম্পর্কের পর অবশেষে বিয়ের পথে হাঁটছেন রাশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। দীর্ঘদিনের অপেক্ষার পর প্রিয় তারকা জুটিকে বাস্তব জীবনের সঙ্গী হিসেবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরাও।

জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ে। অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরেই রাখা হচ্ছে এবং অতিথিদের জন্য থাকবে কঠোর গোপনীয়তার নিয়ম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *