রাজস্থান রয়্যালস বিক্রির রেকর্ড দাম ভেঙে দিল আরসিবি’র হস্তান্তর! কারা কিনল বিরাটদের?
ঠিক যেমন নিলামে চমক থাকে। দাম বাডতেই থাকে, দাম বাড়তেই থাকে। ভাবা যায়, ১৫ হাজার কোটি টাকার বেশি দিয়ে যখন রাজস্থান রয়্যালস বিক্রির খবর এল, তখন চমকে গিয়েছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু চমকের যেন শুরু। এরপরই খবর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। টাকার পরিমাণে তা ছাপিয়ে দেল রাজস্থানের রয়্যালসের রেকর্ড টাকাকেও।
১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বড় পরিবর্তনের সাক্ষী হল ফ্র্যাঞ্চাইজিটি। রেকর্ড মূল্যে বিক্রি হয়ে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দামি দল হিসেবে নতুন নজির গড়ল বিরাট কোহলিদের দল। সরকারিভাবে সিলমোহর পড়ে আরসিবি বিক্রির চুক্তিতে। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম ১.৮ বিলিয়ন মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৮৯০ কোটি টাকা) ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা অর্জন করে। এই কনসোর্টিয়ামে রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ। মার্কিন ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার এবং ব্ল্যাকস্টোন। নতুন মালিকানায় সবচেয়ে বড় অংশীদার থাকবে আদিত্য বিড়লা গোষ্ঠী।
এর আগে আরসিবির মালিক ছিল ব্রিটিশ সংস্থা ডিয়াজিও, যারা তাদের ভারতীয় শাখা ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে দলটির নিয়ন্ত্রণ করত। ২০০৮ সালে আইপিএলের সূচনালগ্নে বিজয় মালিয়া প্রথম এই ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন। পরে ডিয়াজিও ইউনাইটেড স্পিরিটস অধিগ্রহণ করলে মালিকানাও তাদের হাতে চলে যায়।গত বছর আইপিএল জয়ের পর থেকেই আর্থিক চাপের কারণে দল বিক্রির প্রক্রিয়া শুরু করে ডিয়াজিও। দীর্ঘ নিলাম প্রক্রিয়ায় একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারী অংশ নিলেও শেষ পর্যন্ত বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামই বাজিমাত করে। প্রতিদ্বন্দ্বিতায় ছিল আরও কয়েকটি শক্তিশালী গোষ্ঠী, ফলে এই নিলাম ছিল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উল্লেখযোগ্যভাবে, এর আগে রাজস্থান রয়্যালস ১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল। তবে সেই রেকর্ডও ভেঙে দেয় আরসিবি।নতুন মালিকানায় এবার আইপিএলের পরবর্তী মরশুমে মাঠে নামবেন বিরাট কোহলি ও রজত পাতিদাররা। এক দশকেরও বেশি সময় পর ডিয়াজিও যুগের অবসান ঘটিয়ে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বে শুরু হল আরসিবির নতুন পথচলা, যা ঘিরে ইতিমধ্যেই বাড়ছে সমর্থকদের প্রত্যাশা।
