‘এটা তো সত্যি, গাফিলতি তো হয়েছেই’, রাহুলের আকস্মিক চলে যাওয়া প্রসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি সন্দীপ্তার

0

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি টলিপাড়া। একের পর এক সহকর্মীর পোস্টে ফুটে উঠছে শোক, স্মৃতি এবং সঠিক তদন্তের দাবি। এর মধ্যেই ফের আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ছোটপর্দায় ‘তুমি আসবে বলে’, ‘আয় খুকু আয়’, দুই ধারাবাহিকেই জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা। তাঁদের জুটি একসময় দর্শকের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয়।

সন্দীপ্তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “এতগুলো দিন কেটে গেলো, এখনও ঠিক মেনে নিতেই পারছি না, রাহুল আর নেই।” তাঁর কথায়, শুধু একজন সহ-অভিনেতা নয়, রাহুল ছিলেন অত্যন্ত ভাল মানুষ, বন্ধু, গুণী অভিনেতা, লেখক এবং কবি। এমন বহুমুখী প্রতিভার মানুষকে হারানো সত্যিই অপূরণীয় ক্ষতি। অভিনেত্রী আরও লেখেন, রাহুলের প্রিয় গান, চন্দ্রবিন্দুর, “আমরা কমতি পড়লে লোন দিই জন্মদিন”প্রিয় লাইন যে এইভাবে সত্যি হয়ে যাবে , সেটা ভাবতেই পারেননি তিনি।

রাহুল-এর বাড়ি গিয়ে গিয়ে, তাঁর মায়ের সঙ্গে কথা বলে, পুরনো দিনের সব স্মৃতি যেন এক নিমেষে চোখের সামনে ভেসে উঠেছে সন্দীপ্তার। “পুরনো কথা, পুরনো স্মৃতি, রাহুলের ছোটবেলার কথা, পছন্দের খাবার, বই, মায়ের সঙ্গে  কাটানো পুরনো সময়গুলোর কথা”। অভিনেত্রীর গভীর আক্ষেপ, “রাহুলের ঘর, নতুন জিম সেটআপ, বই, পোস্টারের কালেকশন সবটাই পরে রয়েছে ওর অপেক্ষায়…”।

সন্দীপ্তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে ছোট্ট ‘সহজ’-এর কথা। খুব অল্প বয়সেই বন্ধুসম বাবাকে হারানোর যন্ত্রণা, সেটা ভাষায় প্রকাশ করা যায় না বলেই মনে করেন সন্দীপ্তা। পাশাপাশি রাহুলের পরিবারের প্রতিটি সদস্য, মা, আত্মীয়, বন্ধু, সবার কষ্টের কথাও উঠে এসেছে তাঁর লেখায়। প্রিয়াঙ্কা যেভাবে নিজের মন শক্ত রেখে, এই অবস্থাতে একা হাতে মিডিয়া, পরিবার, কাজ সবটা সামলাচ্ছে, সে কথাও ফুটে উঠেছে তাঁর লেখায়।

তবে শুধু শোক প্রকাশেই থেমে থাকেননি সন্দীপ্তা। সোশ্যাল মিডিয়ার একাংশের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর মতে, এমন সংবেদনশীল সময়ে বিচার-বিশ্লেষণ, অযথা মন্তব্য, এসব আরও কষ্ট বাড়িয়ে দেয়। মানুষের উচিত একটু সংযত হওয়া, বিশেষ করে যখন একটি পরিবার গভীর শোকের মধ্যে দিয়ে যাচ্ছে।
একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই ঘটনায় গাফিলতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি, যাতে সত্যিটা সামনে আসে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *