সারা আলি খান-এর কেদার-বদ্রী দর্শনে এবার দিতে হবে ‘বিশ্বাসের হলফনামা’! নতুন নিয়ম মন্দির কমিটির
‘কেদারনাথ’ ছবির মাধ্যমে সিনেমার জগতে প্রথম পা রেখেছিলেন সারা আলি খান। সেই থেকে প্রায় প্রত্যেক বছরেই কেদারনাথ-বদ্রীনাথ যাত্রা করে থাকেন তিনি। কিন্তু এবার সইফ-কন্যার কেদারনাথ-বদ্রীনাথ যাত্রা কার্যত বাধার সম্মুখীন হতে চলেছে।

চারধাম যাত্রা শুরুর আগে বড় সিদ্ধান্ত নিল বদ্রী-কেদার মন্দির কমিটি (BKTC)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে অহিন্দু দর্শনার্থীদের বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরে প্রবেশের আগে সনাতন ধর্মে বিশ্বাসের লিখিত হলফনামা জমা দিতে হবে। এই নতুন নিয়ম সামনে আসতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অভিনেত্রী সারা আলি খানের নাম।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে BKTC-র চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানান, ১০ মার্চ গৃহীত প্রস্তাব অনুযায়ী এই নিয়ম চালু করা হচ্ছে। তাঁর কথায়, যাঁরা সনাতন ধর্মে বিশ্বাসী কিন্তু হিন্দু নন, তাঁদের এই বিশ্বাসের প্রমাণ হিসাবে একটি হলফনামা জমা দিতে হবে। সারা আলি খানের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বলেন, যদি সারা নিজে সনাতন ধর্মের প্রতি তাঁর ভক্তি ও বিশ্বাসের কথা লিখিতভাবে জানান, তাহলে তাঁকে দর্শনের অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, সারা আলি খান বহুবার কেদারনাথ মন্দিরে গিয়েছেন এবং সেই অভিজ্ঞতার কথা এবং ছবি শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশের পর থেকেই এই মন্দিরের সঙ্গে তাঁর এক বিশেষ টান তৈরি হয়েছে বলে মনে করেন অনেকে। শুধুমাত্র কেদারনাথই নয় কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে শুরু করে অসমের কামাখ্যা, সিদ্ধি বিনায়ক সহ একাধিক তীর্থযাত্রা সেরে ফেলেছেন সারা।
অভিনেত্রীর বাবা সইফ আলি খান মুসলিম এবং মা অমৃতা সিং শিখ ধর্মাবলম্বী হওয়ায় তাঁর ধর্মীয় পরিচয় নিয়েও মাঝেমধ্যেই আলোচনা হয়েছে। তবে সারা একাধিকবার জানিয়েছেন, কেদারনাথে গেলে তিনি অন্যরকম মানসিক শান্তি অনুভব করেন এবং সেই অভিজ্ঞতা একেবারেই ব্যক্তিগত।
প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। ইতিমধ্যেই লক্ষাধিক ভক্ত রেজিস্ট্রেশন করেছেন বলে জানা গেছে। ২২ এপ্রিল খুলবে কেদারনাথ ধাম এবং ২৩ এপ্রিল খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা।
এই নতুন নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে অ-হিন্দু দর্শনার্থীদের ক্ষেত্রে কী প্রভাব পড়বে, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সারা আলি খানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
