অরিজিৎ বনাম শ্রেয়া! মঞ্চে অনুষ্ঠান করতে পারিশ্রমিকের দৌড়ে কোন শিল্পী এগিয়ে?

0

লাইভ পারফরম্যান্সের জন্য কি সত্যিই ১.৬৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্ক্রিনশট ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। দাবি করা হচ্ছে, তেলঙ্গানা গদ্দার ফিল্ম অ্যাওয়ার্ডসে পারফর্ম করার জন্য এই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন তিনি। যদিও এই তথ্যের কোনও সরকারি নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।

প্রশ্ন উঠেছে—শ্রেয়া ঘোষাল কি সত্যিই একটি অনুষ্ঠান করার জন্য এত টাকা নেন? তবে এই স্ক্রিনশটের সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও, নেটিজেনদের প্রতিক্রিয়া কিন্তু বেশ চমকপ্রদ।


অনেকেই মনে করছেন, এই অঙ্ক আসলে তাঁর প্রাপ্যের তুলনায় কম। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “তিনি এই অ্যাওয়ার্ড শো দেখেছেন এবং শ্রেয়া তাঁর ক্যারিয়ারের শুরু থেকে তেলুগু হিট গান গেয়ে অসাধারণ পারফর্ম করেছেন। তাই তিনি এই টাকার যোগ্য, বরং আরও বেশি পাওয়া উচিত।” আরেকজন মন্তব্য করেন, “প্লেব্যাক সিঙ্গারদের সাধারণত প্রযোজকেরা খুব কম পারিশ্রমিক দেন, তাই লাইভ শোই তাঁদের আয়ের প্রধান উৎস এক্ষেত্রে এটাকে বেশি নেওয়া বলা ঠিক নয়।”


অনেকেই আরও একধাপ এগিয়ে বলেন, “তিনি আসলে আন্ডারচার্জ করছেন।” কারও মতে, শ্রেয়ার মতো শিল্পীর জন্য ১.৬৫ কোটি টাকা খুব বেশি নয়, বরং তাঁর জনপ্রিয়তা ও দক্ষতার তুলনায় তা কমই। এর মধ্যেই উঠেছে অরিজিৎ সিং-এর প্রসঙ্গ। শোনা যায়, গায়ক নাকি প্রতি অনুষ্ঠান পিছু প্রায় ৫কোটি টাকা নেন। সবটাই অবশ্য স্থান, কালের উপর নির্ভর করছে। তাই শ্রেয়ার পারিশ্রমিকের প্রশ্ন উঠতেই, অনেকেই মনে করছেন, বাকিদের তুলনায় গায়িকা অনেক কম পারিশ্রমিক নেন।
কেউ কেউ আবার অনুমান করেছেন, এটি হয়তো সম্পূর্ণ পারিশ্রমিক নয়, আংশিক অগ্রিম অর্থ হতে পারে। শ্রেয়ার প্রতিভার প্রশংসা করতেও পিছপা হয়নি ভক্তরা। অনেকের মতে, তিনি ভারতের অন্যতম সেরা গায়িকা, এমনকি বিশ্বের সেরাদের মধ্যেও একজন। তাই তাঁর পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তোলার কোনও যুক্তি নেই বলেই মত নেটিজেনদের একাংশের। সব মিলিয়ে, তথ্যের সত্যতা নিশ্চিত না হলেও, এই বিতর্ক প্রমাণ করছে যে শ্রেয়া ঘোষালের জনপ্রিয়তা এবং মূল্য আজও দর্শকের কাছে কতটা উচ্চতায় রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *