ধোনিহীন সিএসকে দিশেহারা! শ্রেয়সের পাঞ্জাবের দুরন্ত দাপট! চেন্নাইয়ের ২ হার, পাঞ্জাবের ২ জয়
মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি, আর মাঠের ভেতরে দিশাহীন চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়াম-এ ২০৯ রানের বিশাল সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলো হলুদ ব্রিগেডকে।

অন্যদিকে পাঞ্জাব কিংস টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে আইপিএল ২০২৬-এ দুরন্ত ফর্মে। শ্রেয়স আইয়ার-এর নেতৃত্বে দল ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। গুজরাটের পর চেন্নাইয়ের মতো হেভিওয়েটকেও হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই সঞ্জু স্যামসনের উইকেট হারালেও চেন্নাই ঘুরে দাঁড়ায় তরুণ আয়ুষ মাত্রের ব্যাটে। ৪৩ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচে রং ফেরান তিনি। সঙ্গে রুতুরাজ গায়কোয়াড় (২৮) গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শেষদিকে সরফরাজ খান-এর ১২ বলে ৩২ ও শিবম দুবে-র অপরাজিত ৪৫ রানে ভর করে ৫ উইকেটে ২০৯ তোলে সিএসকে। বল হাতে যুজবেন্দ্র চাহাল কিছুটা নিয়ন্ত্রণ রাখলেও বড় স্কোর আটকানো যায়নি।

তবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে পাঞ্জাব। প্রিয়াংশু আর্য মাত্র ১১ বলে ৩৯ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রভসিমরন সিং (৪৩) ও কুপার কনোলি (৩৬) জয়ের ভিত গড়ে দেন। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ার ঠান্ডা মাথায় ৫০ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন।

চেন্নাইয়ের বোলাররা কার্যত অসহায় ছিল এদিন। প্রিয়াংশুর আগ্রাসী শুরু সামলানোর কোনো উত্তর খুঁজে পায়নি তারা। শেষদিকে নেহাল ওয়াধেরা আউট হলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি পাঞ্জাবের।
পরিসংখ্যান বলছে, ২০২২ সালের পর থেকে আট ম্যাচে সাতবার চেন্নাইকে হারিয়েছে পাঞ্জাব। এমনকি চিপকেও টানা চার মরশুম ধরে হারের মুখ দেখছে সিএসকে।
আইপিএলের শুরুতেই দুই দলের ভাগ্য একেবারে বিপরীত—টানা জয়ে আত্মবিশ্বাসে ভরপুর পাঞ্জাব, আর ধোনির অনুপস্থিতিতে টানা হারের চাপে দিশেহারা চেন্নাই শিবির।
