গোপনে বাগদান সারলেন আমির! গৌরীর আঙুলের আংটি দেখেই শুরু গুঞ্জন
আলোচনার কেন্দ্রবিন্দুতে আমির খান ও গৌরী স্প্র্যাট। কিছুদিন আগেই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে, আর তারপর থেকেই এই জুটিকে ঘিরে কৌতূহল ক্রমশ বেড়েই চলেছে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল দুটি বিশেষ আংটি, যা ঘিরেই তৈরি হয়েছে একাধিক জল্পনা।
সম্প্রতি, একটি অনুষ্ঠানে গৌরীকে একটি নজরকাড়া নীল রঙের আংটি পরে দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই তা নজরে আসে সবার। এরপরই সামনে আসে খবর, আমির নাকি তাঁর প্রেমিকার জন্য দুটি কাস্টমাইজড আংটি তৈরি করিয়েছেন। আর সেখান থেকেই শুরু হয় প্রশ্ন, তবে কি এই আংটির মধ্যেই লুকিয়ে রয়েছে বাগদানের ইঙ্গিত?
আমির খান সম্প্রতি গৌরী স্প্র্যাট-এর জন্য দুটি কাস্টমাইজড আংটি তৈরি করিয়েছেন। প্রতিটি আংটির পিছনেই রয়েছে আলাদা গল্প ও অর্থ। প্রথম আংটিতে রয়েছে বিরল নীল রঙের অ্যাকোয়ামারিন পাথর, যা ব্রাজিল থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। সোনার উপর বসানো এই পাথরের চারপাশে রয়েছে প্রায় ৪০টি প্রাকৃতিক হিরে, যা আংটিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই বিশেষ আংটি তৈরি করতে ৩০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে এবং এতে বহু কারিগর কাজ করেছেন। অন্যদিকে, দ্বিতীয় আংটিতে রয়েছে মাদাগাস্কার থেকে আনা একটি বিরল রুবি পাথর। এই পাথরকে ভালোবাসা ও আবেগের প্রতীক হিসেবে ধরা হয়। জানা গিয়েছে, এই আংটি তৈরি করতে ৮০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে, যা এটিকে আরও ব্যতিক্রমী করে তোলে।
এই দুই আংটির অর্থ নিয়েও নানা ব্যাখ্যা উঠে আসছে। একদিকে অ্যাকোয়ামারিন যেখানে শান্তি, স্বচ্ছতা ও আবেগের গভীরতাকে নির্দেশ করে, অন্যদিকে রুবি আবেগ, প্রেম ও শক্তিশালী বন্ধনের প্রতীক। ফলে অনেকেই মনে করছেন, এই দুটি আংটি তাঁদের সম্পর্কের দুই ভিন্ন দিককে তুলে ধরে।
এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বিশেষ উপহার কি শুধুই ভালোবাসার প্রকাশ, নাকি তার পিছনে রয়েছে আরও বড় কোনও সিদ্ধান্ত? যদিও এখনও পর্যন্ত আমির বা গৌরী কেউই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গত বছর আমির-এর জন্মদিনে তাঁর সঙ্গে গৌরীর সম্পর্কের কথা প্রথম সামনে আসে। তারপর থেকে একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে, যা তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় বলেই ইঙ্গিত দেয়।
