জন্মদিনে বড় অঘটন! কী ঘটল সৌমিতৃষার সঙ্গে? যেতে পারলেন না বৃন্দাবন

২৪ ফেব্রুয়ারি সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন৷ এই সময়টা প্রতি বছরই নানারকম পরিকল্পনা করেন নায়িকা৷ বৃন্দাবনে যান রাধাকৃষ্ণের দর্শনে৷ এই বছর নায়িকার জন্মদিনে সবকিছু যেন ওলটপালট হয়ে গেল।
কী ঘটেছে? বড় দুর্ঘটনার সম্মুখীন সৌমিতৃষা ও তাঁর পরিবার৷ প্রত্যেক বছর জন্মদিনে ঠাকুরের স্থানে পুজো দিয়েই কাটে অভিনেত্রী সৌমিতৃষার। আগের দু’বছরও তার ব্যতিক্রম হয়নি।
তবে এইবার টিকিট কেটে যাওয়া হল না অভিনেত্রীর। হঠাৎ কেন এই ছন্দপতন? জন্মদিনের শুভেচ্ছা জানাতে আডিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। তখনই তিনি বলেন , ‘মাসির হাতে চোট, হাতে লোহার পাত বসাতে হয়েছে। মাসিকে দেখতে গিয়ে মায়ের পায়ের আঙুল ভেঙে গিয়েছে। চিকিৎসক বলেছেন বিশ্রামে থাকতে। একটি গাড়ি না দেখে ধাক্কা মেরে দেয় মাকে। তখনই পড়ে গিয়ে চোট লাগে।’
তবে অভিত্রী জানান দ্রুত সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রীর মা এবং মাসি। তিনি আরও বলেন, ‘আমি মনে করি অনেক বড় কিছু হতে পারত ঠাকুর অল্পের মধ্যে থেকে রক্ষা করেছেন। ঘুরতে গেলে হয়ত আরও বড় কোনও বিপদ হতে পারত, ঠাকুর তারই ইঙ্গিত দিলেন হয়ত।’
অভিনেত্রীর যোগ করেন, ‘ডাক্তার বলেছেন মা যেতে পারবেন আমাদের সঙ্গে ঘুরতে, তবে একটা ঝুঁকি থেকেই যায় তাই আর সেই সিদ্ধান্ত নিলাম না। আমার তো হাসপাতালেই কাটল, প্রায় পুরো ৪৮ ঘণ্টা আমি রাত জাগা। তবে এটাই আশ্চর্য মা এবং মাসি দু’জনই দ্রুত সুস্থ হচ্ছেন। সবই ঠাকুরের কৃপা।’
জন্মদিন কীভাবে কাটালেন অভিনেত্রী? ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘বাড়িতেই ছিলাম সবার সঙ্গে, রাতে কেক কেটেছি। শুধু ঠাকুরের স্থানে যেতে পারলাম না এটাই কষ্ট।’ জন্মদিনে নিরামিষ খেয়েই কাটিয়েছেন অভিনেত্রী। কতটা ঠাকুরকে বিশ্বাস করেন অভিনেত্রী? সৌমিতৃষার জবাব, ‘আমি খুবই আধ্যাত্মিক। তবে অনেকেই আমার পর্দার চরিত্র ‘মিঠাই’-এর সঙ্গে গুলিয়ে ফেলে ভাবে আমি শুধুই গোপাল ভক্ত, তবে সেটা না আমি সব ঠাকুরের আরাধনা করি এবং বিশ্বাস করি।’
‘মিঠাই’ ধারাবাহিক সৌমিতৃষাকে দিয়েছে প্রচুর জনপ্রিয়তা। এই ধারাবাহিকের পরেই দেব এর সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিনেত্রী। সম্প্রতি, ‘কালরাত্রি ২’ সিরিজে শেষ দেখা গেছে অভিনেত্রীকে।
