সরকারী অনুষ্ঠানের জন্য শুটিং বন্ধ করা যায়,সহশিল্পীকে শেষ দেখার জন্য নয় ,এটাই তাহলে অভিনেতার প্রাপ্তি : সুদীপ্তা

0

টলিপাড়ার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর পর শিল্পী মহলে উঠছে তীব্র প্রতিক্রিয়া। ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন জলে তলিয়ে মৃত্যু হয় প্রয়াত অভিনেতা রাহুলের। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পরেও টলিউডে কাজের গতি বা শুটিং সূচিতে কোনও পরিবর্তন না আসায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

নিজের শেয়ার করা পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন তথাকথিত ‘একটাই পরিবার’তকমা নিয়ে। তিনি জানান, অডিটোরিয়ামে ভিড় বাড়াতে বা সরকারী বড় অনুষ্ঠানে শিল্পীদের উপস্থিতি নিশ্চিত করতে মুহুর্তের মধ্যে শুটিং বন্ধ করে দেওয়া যায়। অথচ , এক ভ্রাতৃসম সহকর্মীর শেষযাত্রায় শামিল হওয়ার জন্য আধ ঘন্টা সময় বরাদ্দ করা যায় না,করতে গেলে প্রযোজকদের ক্ষতির ভয় ও টেলিকাস্ট ব্যাঙ্কিং কমে যাওয়ার আশঙ্কা থাকে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জানান,একজন রিকশাচালক বা সবজি বিক্রেতার মতো সাধারণ পেশার মানুষের ক্ষেত্রেও সহকর্মীর মৃত্যুতে কাজ বন্ধ রাখার রীতি রয়েছে। কিন্তু শিল্পীদের ক্ষেত্রে সেই নূন্যতম সহমর্মিতাও দেখা যায়নি।তার প্রশ্ন ,’তাহলে শিল্পী কি তবে কেবল দুই পয়সার শিল্পী?’

তার পোস্টে তিনি লিখেছেন,”হাজার কষ্ট বুকেও লিপস্টিক মেখে প্রেমের অভিনয় চালিয়ে যেতে হয়। কারণ,প্রতিবাদ করলেই ব্যান হয়ে যাওয়ার ভয় ,কাজ হারানোর আতঙ্ক।মনে রেখো তোমার পিছনের লাইনেই দাঁড়িয়ে আছে আরও অনেক শিল্পী,তোমাকে বদলে দেওয়ার জন্য। তিনি টলিউডের এই ব্যবস্থাকে ‘লাটাই-ঘুড়ির ‘সঙ্গে তুলনা করেছেন।শিল্পীরা যেন শুধুই ঘুড়ি ,আর লাটাই কার হাতে তা জানার অধিকারও তাদের নেই।

তিনি আরও বলেছেন,”আমরা ড্রোন শটে ধরে রাখবো তোমার ওড়া। যদি টাল খেয়ে পড়ে যাও, তখন না হয় বলে দেবো আমরা বলিনি, তুমিই উড়তে চেয়েছিলে, আমাদের স্ক্রিপ্টে ছিল না, তুমিই জোর করেছিলে। তোমাকে আমরা ‘ভালো শিল্পী’ বলে ডাকবো তখন, ‘পার্ফেক্টসনিস্ট ‘ বলে ডাকবো, আর ‘ভালো শিল্পী’ হবার লোভে তুমি উড়ে যাবে আরও দূরে, তারপর আর দেখা হবে না তোমার সঙ্গে।”

নিজের কর্মজগৎ থেকে তাহলে একজন অভিনেতার কী এটাই প্রাপ্তি? রাহুলের মৃত্যু শুধু একজন অভিনেতার চলে যাওয়া নয়,বরং গোটা টলিউড ইন্ডাস্ট্রির কাঠামো,দায়িত্ববোধ ও নিরাপত্তাবোধের প্রশ্নকে সামনে এনে দিয়েছে।অভিনেতা রুদ্রনীল ঘোষ,রূপাঞ্জনা মিত্র,জীতু কমল সহ টলিউডের একাধিক শিল্পী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed