ইডেনেও ধস! ব্যাটিং বিপর্যয়ে টানা দ্বিতীয় হারে চাপে কেকেআর, দুরন্ত জয় হায়দরাবাদের

0

ঘরের মাঠ ইডেন গার্ডেন্স-এও ভাগ্য ফিরল না কলকাতা নাইট রাইডার্স-এর। আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ-এর কাছে ৬৫ রানে পরাজিত হয়ে টানা দ্বিতীয় হারের মুখ দেখল নাইট শিবির। ২২৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ১৬ ওভারেই ১৬১ রানে গুটিয়ে যায় দল।

শুরুটা অবশ্য দারুণই হয়েছিল কেকেআরের। প্রথম ওভারেই ২৪ রান তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন ফিন অ্যালেন। মাত্র ৮ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেললেও হর্ষ দুবের দুর্দান্ত ক্যাচে তাঁর ইনিংসের ইতি ঘটে। এরপর আর সেই ছন্দ ধরে রাখতে পারেননি নাইটদের ব্যাটাররা।

অধিনায়ক অজিঙ্কে রাহানে আবারও ব্যর্থ। ১০ বলে মাত্র ৮ রান করে ফিরতেই চাপে পড়ে দল। এরপর ক্যামেরন গ্রিনের দায়িত্বজ্ঞানহীন রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাঝের ওভারে অঙ্গক্রিশ রঘুবংশী ও রিঙ্কু সিং কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। রঘুবংশী ২৯ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেললেও রান আউট হয়ে ফিরে যান। রিঙ্কু ৩৫ রান করলেও শেষরক্ষা করতে পারেননি।

শেষের দিকে অনুকূল রায় খাতা খুলতে ব্যর্থ হন, আর অন্য ব্যাটাররাও তেমন অবদান রাখতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয়ে যায় কেকেআর। এর আগে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কেকেআর। কিন্তু ব্যাটিং স্বর্গে পরিণত হওয়া ইডেনের উইকেটে বোলাররা কার্যত ব্যর্থ হন। অভিষেক শর্মা ও ট্রাভিস হেড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। তাঁদের দাপুটে ব্যাটিংয়ের ওপর ভর করেই ২২৭ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য দাঁড় করায় হায়দরাবাদ।

উল্লেখ্য, এর আগের ম্যাচেও মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান তুলেও বোলিং ব্যর্থতার কারণে হারতে হয়েছিল কেকেআরকে। সেই একই চিত্র দেখা গেল ইডেনেও। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতার ফলে লিগ টেবিলের তলানিতে পড়ে রইল রাহানেদের দল। এখন ঘুরে দাঁড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাইটদের সামনে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *