টিকিট কাটা হয়ে গেছে, আমরা কলম্বো যাচ্ছি… সূর্য জানিয়ে দিলেন টি২০ বিশ্বকাপে ভারতের অবস্থান

0

‘ম্যাচ হোক বা না হোক, ভারতীয় দল কলম্বো যাবে।’ বৃহস্পতিবার মুম্বইয়ে ক্যাপ্টেন্স মিডিয়া ব্রিফিংয়ে সূর্যকুমার সে’কথা স্পষ্ট করে দিলেন। টি২০ বিশ্বকাপ শুরু আগে থেকে এটাই সবচেয়ে আলোচ্য বিষয়। ক্যাপ্টেন্স ডে’তেও সেই প্রসঙ্গই উঠেছে। এড়িয়েও যাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারত অধিনায়কের সাফ কথা, ‘আমাদের মানসিকতা একদম পরিষ্কার। আমরা তাদের বিপক্ষে খেলতে অস্বীকার করিনি। অস্বীকারটা তাদের (পাকিস্তান) দিক থেকেই এসেছে। আইসিসি ম্যাচটা নির্ধারণ করেছে। আইসিসির সঙ্গে সমন্বয় করে বিসিসিআই ও ভারত সরকার নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হয়েছে। কলম্বোর ফ্লাইট বুক করা আছে। আমরা যাচ্ছি। এরপর কী হয়, তা পরে দেখা যাবে।’


বর্তমান চ্যাম্পিয়ন ভারত আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনই মাঠে নামবে। মুম্বইয়ে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।ট্রফি ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী সূর্যকুমার। পাকিস্তান ম্যাচ ঘিরে ড্রেসিংরুমের মনোভাব জানতে চাইলে তিনি বলেন, ‘দলের আলোচনা একদম পরিষ্কার। আগে আমরা ৭ ফেব্রুয়ারির ম্যাচ খেলব, তারপর দিল্লি যাবো। এরপর কলম্বো রওনা দেব।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘পাকিস্তানের সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই। যদি আমার হাতে থাকত, ভালোই হতো। কিন্তু এটা ওদেরই সিদ্ধান্ত। আমাদের বলা হয়েছে ১৫ তারিখে খেলতে হবে। আমরা এশিয়া কাপে ওদের বিপক্ষে খেলেছি, তিনবার খেলেছি। ভালো ক্রিকেট খেলেছি, জিতেছি, খুশি হয়েছি। একইভাবে কলম্বোতে আবার সুযোগ পেলে আমরা অবশ্যই খেলব।’


তবে সে সুযোগ এখনও পর্যন্ত কম। সে’কথা স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী। জানিয়েছেন, ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া।সূর্যকুমার বলেন,‘এটা সহজ সিদ্ধান্ত নয়। নিশ্চয়ই ওরা কিছু না কিছু ভাবছে। কিন্তু যদি এই সিদ্ধান্ত অন্য সরকার বা দেশের দিক থেকে এসে থাকে, তাহলে ওদের জন্যও পরিস্থিতিটা কঠিন। আমি জানি এটা কঠিন অবস্থা। কিন্তু যেমন বলেছি, যদি আমাদের বলা হয় এবং সূচি ঠিক থাকে, তাহলে আমরা অবশ্যই মাঠে নেমে খেলব।’
টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে যদি পাকিস্তান ভারত-ম্যাচ বয়কট করে তাহলে সাক্ষাৎ হবে না দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সলমন আলি আগার। বিশ্বকাপের আগে ক্যাপ্টেনস ডে’তেও দেখা হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের অধিনায়কের।এমনিতে নিয়ম মেনে সব অধিনায়ককে একসঙ্গে উপস্থিত থাকতে হয়। কিন্তু এবার ২০ দেশের অধিনায়কের একসঙ্গে দেখা হয়নি। কারণ, কিছু দল যখন ভারতে, তখন আরও কিছু দল কলম্বোতে। তাই ২ জায়গাতেই ফটোসেশন হয় আলাদা আলাদা ভাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *