অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানদের হেলায় হারাল ভারতের যুবরা, ফাইনালে ইংল্যান্ডের সামনে টিম ইন্ডিয়া
যদি ফর্মে থাকে ভারতীয় যুব ব্যাটাররা, তাহলে ওই বিরাট কোহলিদের মতোই আচরণ। চাপ কোনও ব্যাপার নয়। রান তাড়া করাটাও জলভাত। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানদের তিনশো প্লাস রানও ৫৩ বল হাতে রেখে টপকে গেল বৈভব-আয়ুষরা।এল ফাইনাল খেলার ছাড়পত্র। যুব বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে আফগানিস্তান জোড়া সেঞ্চুরিতে তুলে ফেলে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান। ভারত সেই রান ৪১.১ বলেই তুলে ফেলে মাত্র ৩ উইকেট হারিয়ে। জয় আসে ৭ উইকেটে। ভারতের হয়ে ঝড় তোলেন বিহারের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আর সেঞ্চুরি হাঁকান অ্যারন জর্জ। অধিনায়কোচিত ইনিংস খেলেন আয়ুষ মাত্রে। তিনিও করেন হাফসেঞ্চুরি।
বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।ভারতীয় বোলারদের নির্বিষ বোলিংয়ের ফায়দা তুলে নেয় অফগানরা।ফয়সল শিনোজাদার ৯৩ বলে ১১০ রান এবং উজাইরুল্লা নিয়াজাইয়ের অপরাজিত ১০১ রানের সৌজন্যে ৩১০ রানের বড় স্কোর খাড়া করে আফগানরা।

৩১১ জয়ের রান। সেই লক্ষ্যে ভারতও শুরুটা করে দুর্দান্ত। ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৩৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচের ভিত তৈরি করে দেন। বৈভবের ইনিংসে ছিল ৯ চার ও ৪ ছক্কা। ৯০ রানে ভারতের ওপেনিং জুটি ভাঙে বৈভব আউট হলে। এরপর নামেন অধিনায়ক আয়ুষ মাত্রে। অন্যদিকে ছিলেন আর এক ওপেনার অ্যারন জর্জ। এক প্রান্ত আগলে রেখে অসামান্য সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। অধিনায়ক আয়ুষ মাত্রের ৫৯ বলে ৬৮ রানের ইনিংস ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। আয়ুষের ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছক্কা। অ্যারন ১০৪ বলে ১১৫ করেন। এরমধ্যে রয়েছে ১৫ চার ও ২ ছক্কা। ক্রমশ নির্বিষে পরিণত হয় আফগান বোলিংও। তাতে জয়ও আসেনি তাদের।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। প্রতিটি ম্যাচেই একপেশে দাপট দেখিয়েছেন ভারতীয় যুবরা। এবার ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বৈভব-আয়ুষদের সামনে। ৬ ফেব্রুয়ারি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ফর্ম ধরে রাখতে পারলে আবারও যুব বিশ্বকাপ ঘরে তুলবে টিম ইন্ডিয়া।
