ফাইনালের আগে কুসংস্কার? আহমেবাদে হোটেল বদল টিম ইন্ডিয়ার, কিন্তু কেন, বাড়ল জল্পনা 

0

রবিবার কাপ যুদ্ধ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। মুম্বই থেকে এরমধ্যেই আহমেদাবাদে পৌঁছে গেছেন সূর্য, সঞ্জুরা। কিন্তু চর্চা চলছে অন্য বিষয় নিয়েই। সেমিফাইনালের আগেই চন্দ্রগ্রহণের জেরে ভারতীয় দল অনুশীলনের সময় একঘণ্টা পিছিয়ে দিয়েছিল। আহমেদাবাদে ফাইনাল যুদ্ধের আগেও ফের কি কুসংস্কার গ্রাস করছে টিম ইন্ডিয়ার? তাই কি নতুন হোটেলে উঠল যেখানে প্রতিবার থাকে, সেই হোটেল ছেড়ে? ২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ওডিআই বিশ্বকাপে ফাইনালে হারের স্মৃতি এখনও যে টাটকা। সেই কারণেই কি আহমেদাবাদে গিয়ে হোটেল ও ড্রেসিংরুম বদলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল? সুপার এইটে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ওই হোটেলেই ছিল ভারত। জানা গেছে, ২০২৩ বিশ্বকাপ ফাইনালের সময় ভারতীয় দল ছিল আইটিসি নর্মদায়, এ বার আর সেই হোটেলে ওঠেনি টিম ইন্ডিয়া। এমনকি জানা যাচ্ছে, ড্রেসিংরুমও বদলে ফেলবে এ বার সূর্যরা। তবে অন্য এক রিপোর্টের খবর, এটা কুসংস্কার নয়। আইসিসি প্রথম ফাইনালিস্ট হিসেবে নিউজিল্যান্ডের জন্য আইটিসি নর্মদা হোটেল আগে নির্ধারণ করেছিল। দ্বিতীয় দল হিসেবে ভারতের জন্য তাই নির্ধারিত হয় তাজ স্কাইলাইন।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আহমেদাবাদে হারতে হয়েছে। চেনা মাঠ, তাই ফাইনাল যুদ্ধে সজাগ টিম ইন্ডিয়া। শনিবার পুরো দমে চলবে অনুশীলন। পিচের চরিত্র বুঝেই একাদশও ঠিক হবে। এরমধ্যেই আহমেদাবাদে ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। দেশের বিভিন্ন রাজ্য থেকে বিমানের টিকিট বুকিংয়ের চাহিদা বেড়েছে। ফাইনালের দিন হবে ছোট্ট অনুষ্ঠানও। যেখানে গান গাইবেন গ্র্যামিজয়ী গায়ক রিকি মার্টিন।


এখনও পর্যন্ত ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ২ বার করে টি২০ বিশ্বকাপ জিতেছে। ভাগ্য খোলেনি এখনও নিউজিল্যান্ডের। ফলে, এ বারও ট্রফি জিতে সবাইকে ছাপিয়ে যাবে কিনা ভারত, তাই দেখার অপেক্ষা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *