গরমে আরাম বন্ধ! কলকাতায় আর পাওয়া যাবে না উবের শাটল! কী হবে এ বার বিকল্প ব্যবস্থা?
আসছে গরম। তার আগেই যেন দুশ্চিন্তা বাড়ল নিত্য অফিসযাত্রীদের। জনপ্রিয় অ্যাপ-ক্যাব সংস্থা উবের কলকাতা ও শহরতলিতে তাদের বহুল ব্যবহৃত ‘উবের শাটল’ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ এপ্রিল, শুক্রবার থেকেই এই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলে গ্রাহকদের জানানো হয়েছে। কোভিড পরবর্তী সময়ে অফিসযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ২০২৩ সালে চালু হয়েছিল এই শাটল পরিষেবা। অল্প খরচে আরামদায়ক এসি যাত্রার সুবিধা থাকায় খুব অল্প সময়ের মধ্যেই এই শাটল ব্যাপক জনপ্রিয়তা পায়। বাসের ভিড় ও ধাক্কাধাক্কি এড়িয়ে নিশ্চিন্তে যাতায়াতের সুযোগ পেতেন যাত্রীরা। নির্দিষ্ট সময়ে স্টপেজে পৌঁছলেই সহজেই ওঠা যেত শাটলে, ফলে প্রতিদিনের যাতায়াত হয়ে উঠেছিল অনেকটাই ঝক্কিহীন।

বর্তমানে কলকাতা ও শহরতলিতে প্রায় ৮০০ থেকে ১০০০টি গাড়ি এই পরিষেবার সঙ্গে যুক্ত ছিল। উবেরের এই সিদ্ধান্তে একদিকে যেমন দুশ্চিন্তায় পড়েছেন হাজারো অফিসযাত্রী, তেমনই বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে চালক ও গাড়ির মালিকদের মধ্যেও। ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানান, পরিষেবা শুরুর সময় চালকদের আকৃষ্ট করতে মোটা অঙ্কের বোনাস দেওয়া হয়েছিল। সেই লোভে অনেকেই বড় গাড়ি নামিয়েছিলেন রাস্তায়। কিন্তু বর্তমানে ফান্ডিং সমস্যা বা প্রত্যাশিত লাভ না হওয়াই এই পরিষেবা বন্ধের মূল কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
উবের শাটল বন্ধ হয়ে যাওয়ায় এরমধ্যেই বিকল্পের খোঁজ শুরু করেছেন অফিসযাত্রীরা। জানা গিয়েছে, ‘সিটিফ্লো’ নামে একটি সংস্থা শীঘ্রই কলকাতায় একই ধরনের পরিষেবা চালু করতে পারে। এছাড়া মেট্রো, বাইক-ট্যাক্সি বা অন্যান্য পরিবহন ব্যবস্থার দিকেও ঝুঁকছেন অনেকেই। গরমের মুখে এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অসন্তোষ বাড়ছে যাত্রীদের মধ্যে। যারা এতদিন আরামদায়ক যাত্রার স্বাদ পেয়েছিলেন, তাদের কাছে আবার পুরনো ভিড়ভাট্টার দিন ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
