‘মর্দানি ৪’-এ আবার খলনায়ক হিসাবে ফিরতে চান বিশাল জেঠওয়া?

0

‘মর্দানি ২’-এ খলচরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেতা বিশাল জেঠওয়া। সম্প্রতি তিনি জানালেন, যদি ‘মর্দানি ৪’ তৈরি হয়, তা হলে সেই ছবিতে আবার খলনায়কের চরিত্রে ফিরতে চান তিনি।

রানি মুখোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে  অভিনেতা বলেন, “মর্দানি আমার জীবনের একটি বিশেষ অধ্যায়। রানি ম্যামের সঙ্গে কাজ করা আমার কাছে বিরাট শেখার অভিজ্ঞতা ছিল। তাঁর সঙ্গে কাজ করে আমি অভিনয় সম্পর্কে অনেক কিছু শিখেছি।”
তিনি আরও বলেন, সম্প্রতি ‘মর্দানি ৩’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে আবার দেখা হওয়ায় পুরনো দিনের অনেক স্মৃতি ফিরে এসেছে। এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে তিনি সত্যিই কৃতজ্ঞ। রানির প্রশংসায় বিশাল বলেছেন, “মর্দানি মানেই রানি মুখোপাধ্যায়। শিবানী শিবাজি রায় চরিত্রটা ওনার মতো করে আর কেউ করতে পারবে না।”

‘মর্দানি ৩’-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বিশাল। সেই অনুষ্ঠানে বলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি দেখা যায়। উপস্থিত ছিলেন রেখা, হুমা কুরেশি, আহান পাণ্ডে, অনীত পাড্ডা এবং কীর্তি সুরেশের মতো তারকারা।

‘মর্দানি ৩’ পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবির চিত্রনাট্য লিখেছেন ‘দ্য রেলওয়ে মেন’ খ্যাত আয়ুষ গুপ্ত। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘মর্দানি’র প্রথম পর্বে রানি মুখোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত, তাহির রাজ ভাসিন ও অনন্ত বিধাত শর্মা। ২০১৯ সালে মুক্তি পায় দ্বিতীয় পর্ব, যার পরিচালনায় ছিলেন গোপী পুথরান। চলতি বছরের ৩০ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘মারদানি ৩’।

এই সিরিজের প্রথম পর্বে মানব পাচারের ভয়াবহ দিক তুলে ধরা হয়েছিল। দ্বিতীয় পর্বে দেখানো হয় এক ধর্ষকের বিকৃত মানসিকতা। তৃতীয় পর্বেও সমাজের আরও একটি অন্ধকার ও নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা হয়েছে, যা ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির সামাজিক বার্তাবাহী গল্প বলার ধারাকে আরও শক্তিশালী করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *