লীনা,শৈবালের বিরুদ্ধে ‘জিরো’ এফআইআর! কী অভিযোগ আনলেন রাহুল পত্নী প্রিয়াঙ্কা-সহ বাকি শিল্পীরা?

0

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে ক্রমেই জোরালো হচ্ছে বিতর্ক। শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় ‘জিরো’ এফআইআর দায়ের করল পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্টস ফোরাম।ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) ও ২৪০ ধারায় দায়ের হওয়া এই মামলায় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক শৈবাল ব্যানার্জী, লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে গাফিলতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখার্জীর অভিযোগ, গত ২৯ মার্চ ওড়িশার বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন অবহেলাজনিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত অভিনেতা রাহুলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর প্রকৃত তথ্য গোপন করে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৩০ মার্চ তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। এই ঘটনাকে ঘিরে শুরু থেকেই একাধিক প্রশ্ন উঠেছে-শুটিংয়ের অনুমতি ছিল কি না, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না-সবকিছু নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, প্রযোজনা সংস্থার কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক উত্তর না মেলায় শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন থানায় উপস্থিত ছিলেন একঝাঁক কলাকুশলী। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও থানায় এসে ন্যায়বিচারের দাবি জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল ওড়িশার তালসারি মেরিন থানার অন্তর্গত হওয়ায় ‘জিরো’ এফআইআরটি সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে প্রকৃত ঘটনার তদন্তের দাবিতে টালিগঞ্জে শিল্পী ও কলাকুশলীদের পদযাত্রাও হয়।
এদিকে, রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে।অন্যদিকে, শনিবার বিকেলে টালিগঞ্জে ছোট ও বড় পর্দার পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা প্রকৃত ঘটনার তদন্ত চেয়ে পদযাত্রায় শামিল হন। সব মিলিয়ে, রাহুলের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। এখন নজর তদন্তের দিকে-অভিনেতার মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ, তারই উত্তর খুঁজছে টলিপাড়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed