হাইভোল্টেজ ম্যাচের আগের দিনই মাথাচাড়া দিয়ে উঠল হ্যান্ডশেক বিতর্ক
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কেবল ২২ গজের লড়াই নয়, তার বাইরেও থাকে মনস্তাত্ত্বিক চাপ। সাম্প্রতিক আবহে সেই উত্তাপ আরও বেড়েছে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক না করে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। রবিবার হাইভোল্টেজ ম্যাচেও কি সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি হবে? সেই জল্পনা চলছেই। দুই অধিনায়ক হাত মেলাবেন কিনা, সেই প্রশ্নই ম্যাচের আগের দিন করা হয়েছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। কারণ তার আগেই পাক অধিনায়ক সলমন আগা বল ঠেলেছেন ভারতের কোর্টে। সূর্যকুমার অপেক্ষা করেননি। সপাটেই উত্তর দিয়েছেন,‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আপাতত ভাল করে খাব আর ঘুমোব, সিদ্ধান্ত কাল মাঠেই হবে।’

শোনা গিয়েছিল, আইসিসির শেষ বৈঠকে এই প্রসঙ্গ তুলেছিল পিসিবি। যা নস্যাত্ করে দিয়েছে নাকি আইসিসি। এই নিয়ে কোনও প্রোটোকলও জারি করা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর কর্মকর্তারাও বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। করমর্দন ইস্যুতে কোনো পরিবর্তন আসছে কি না- তা তারা নিশ্চিতও করছেন না, আবার অস্বীকারও করছেন না।
কলম্বোয় পাকিস্তান দলের অনুশীলন শুরুর আগে পাক অধিনায়ক সলমন আগা বলেছেন, ‘ক্রিকেট খেলার নিজস্ব মর্যাদা বা স্পিরিট বজায় রেখে খেলা উচিত। আমার ব্যক্তিগত মতামতের হয়তো খুব একটা গুরুত্ব নেই, তবে ক্রিকেট যেভাবে চিরকাল খেলা হয়ে এসেছে, সেভাবেই খেলা উচিত’। নিজের মতামত তুলে ধরে হাত না মেলানোর সিদ্ধান্তের বিষয়টা অন্য পক্ষের ওপর নির্ভর করছে বলে মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক, ‘বাকিটা তাদের ওপর এবং তারা যা করতে চায়, তার ওপর নির্ভর করছে। এখন কী করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের ওপরই।’

প্রসঙ্গত, হ্যান্ডশেক বিতর্ক শুরু হয়েছে ভারত-পাক সংঘর্ষের পর থেকেই। পহেলগাঁওয়ে নৃশংস হামলার কারণে গত এশিয়া কাপে পাকিস্তানের কোনও ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। সেই বিতর্ক আরও বাড়বে কিনা তাই এখন দেখার।

