কেপটাউন টু কলম্বো! ১৯ বছর পর ফের বিশ্বকে অজি বধের চিত্রনাট্যের শো দেখাল জিম্বাবোয়ে
কেপটাউন থেকে কলম্বো। মাঝে কেটে গেছে ১৯টা বছর। ফের অস্ট্রেলিয়াকে চমকে দিল জিম্বাবোয়ে। টি২০ বিশ্বকাপে আরও একবার জিম্বাবোয়ের কাছে হারের মুখ দেখল অজিরা। কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবোয়ে। টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত এটাই যেন সবচেয়ে বড় অঘটন। সিকান্দার রাজার দলটা তাই অঘটন ঘটায়নি, ২০০৭ সালের পর এক বিষ্ময়কর ইতিহাসের পূর্ণজন্ম ঘটিয়েছে।

অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৭০ রানের। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে ৫৯ বলে ৭৭ রানের জুটিতে গ্লেন ম্যাক্সওয়েল আর ম্যাট রেনশ বিপদ কাটিয়ে উঠেছিলেন।কিন্তু ৩২ বলে ৩১ রানে ম্যাক্সওয়েল বোল্ড হলে ফের চাপে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ের মুজারাবানি ৪টি আর ব্র্যাড ইভান্স নেন ৩টি উইকেট। এর আগে ব্রায়ান বেনেটের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল জিম্বাবোয়ে। ওপেনার বেনেট ৫৬ বলে ৭ বাউন্ডারিতে করেন অপরাজিত ৬৪ রান।

‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার এখন তিনে। সুপার এইটে উঠবে গ্রুপের শীর্ষ দুই দল। এখন প্রশ্ন উঠছে, চোট জর্জরিত অস্ট্রেলিতা এ বার গ্রুপ পর্ব টপকাতে পারবে তো? কারণটা স্বাভাবিক। প্রথম দুই ম্যাচেই জিতে ৪ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে আছে শ্রীলঙ্কা আর জিম্বাবোয়ে। ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পরের ম্যাচটাই শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে হেরে গেলে অস্ট্রেলিয়ার বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। জিতলেও কিন্তু নিশ্চিত হবে না সুপার এইট।

কেপটাউনে ২০০৭ টি২০ বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবোয়ে। সেই ম্যাচের পর মাত্র দুবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবোয়ে-অস্ট্রেলিয়া। সেই দুটিতে অবশ্য হেরেছে জিম্বাবোয়ে। এ বার ফের অস্ট্রেলিয়াকে রুখে দিয়ে চমকে দিল জিম্বাবোয়ে।

