রণদীপ হুডার বিশেষ দিনেই জন্ম নিল মেয়ে, দ্বিগুণ খুশি বলিউড অভিনেতা, ভাসলেন আবেগে

0

একই দিনে দাদুর জন্মদিন, আর সেই দিনই জন্ম নিল নাতনি! এমনই এক আবেগঘন মুহূর্তে নতুন জীবনের অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। মঙ্গলবার তাঁর স্ত্রী লিন লাইশরামের কোল আলো করে জন্ম নিয়েছে কন্যাসন্তান। বাবার জন্মদিবসেই, বাবা হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে সময় নেননি বলিউড তারকা। সমাজ মাধ্যমে সেই খবর ভাগ করে নিতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই তারকা দম্পতি।


মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় লিন লাইশরামকে। কিছুক্ষণের মধ্যেই আসে সেই সুখবর, মা হন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই সহকর্মী ও ভক্তরা সমাজ শুভেচ্ছা জানাতে শুরু করেন।
সন্তান জন্মের খবর জানিয়ে আবেগঘন বার্তা পোস্ট করেন রণদীপ। তিনি লেখেন, ‘আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।’  রণদীপ আবেগবিহ্বল হয়েছেন অন্য এক কারণে। কারণ, ১০ মার্চই রণদীপের বাবার জন্মদিন,  সেই দিনই মেয়ের জন্ম, ফলে অভিনেতার কাছে তা দ্বিগুণ আনন্দের হয়ে উঠেছে।
সম্প্রতি এই তারকা দম্পতি সমাজ মাধ্যমে তাঁদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছিলেন। সেখানে হবু বাবা-মাকে আবেগঘন মুহূর্তে একসঙ্গে দেখা যায়। একটি ছবিতে রণদীপকে স্নেহভরে লিনের বেবি বাম্পে হাত রাখতে দেখা যায়, যা অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
২০২৩ সালের ২৯ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন রণদীপ হুডা ও লিন লাইশরাম। এরপর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন এই দম্পতি। সন্তান আগমনের খবর পাওয়ার পর থেকেই নবজাতকের জন্য ঘর সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন রণদীপ ও লিন। সন্তানের নাম নিয়েও আলোচনা শুরু করেছিলেন তারা।অবশেষে কন্যাসন্তানের জন্মের মধ্য দিয়ে তাঁদের জীবনে এল নতুন আনন্দের অধ্যায়। যদিও এখনো চূড়ান্ত কোনো নাম ঠিক করা হয়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *