আরসিবির বড় ধাক্কা! যশ দয়াল না খেললেও বাড়ি বসেই পাবেন চুক্তির ৫ কোটি টাকা!

0

চোট না থাকলেও এবারের আইপিএলে দেখা যাবে না যশ দয়াল-কে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গত মরশুমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, ব্যক্তিগত ও আইনি জটিলতার কারণে পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াচ্ছেন এই বাঁহাতি পেসার। তবে না খেললেও তাঁর ৫ কোটি টাকার চুক্তি বহাল থাকছে, যা নিয়ে এরমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে যশের অনুপস্থিতি প্রথম থেকেই নজরে আসে। কোনও চোটের খবর না থাকায় প্রশ্ন উঠতে শুরু করে তাঁর ভবিষ্যৎ নিয়ে। অবশেষে দলের ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাট সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে জানান, যশ ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই পরিস্থিতিতে তাঁর না খেলাই শ্রেয় বলে মনে করেছে দল। একইসঙ্গে তিনি জানান, ফ্র্যাঞ্চাইজি শুরু থেকেই যশের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। উল্লেখযোগ্যভাবে, সাধারণ নিয়মে কোনও ক্রিকেটার ব্যক্তিগত কারণে আইপিএল না খেললে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয় এবং পারিশ্রমিকও কেটে নেওয়া হয়। কিন্তু যশের ক্ষেত্রে সেই পথ নেয়নি আরসিবি। বরং তাঁকে রিটেইন করে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এই ঘটনা অনেকের মতে বিরল, যদিও অতীতে এমন নজিরও রয়েছে।
যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং দেশের দুই রাজ্যে তদন্ত চলছে। এই পরিস্থিতির জেরেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা সেই আশঙ্কাই সত্যি হল। গত মরশুমে ১৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বেঙ্গালুরুর সাফল্যে বড় ভূমিকা নিয়েছিলেন যশ। কিন্তু এবারের আসরে তাঁকে ছাড়াই দলকে এগোতে হবে। বিকল্প হিসেবে অন্য পেসারদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে, প্রতিভাবান এই ক্রিকেটারের কেরিয়ারে আপাতত কঠিন সময়ই চলছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *