৭২ ঘণ্টায় ‘ব্যান’ তোলার ইঙ্গিত দেবের, একথা শুনে পাল্টা কী বললেন স্বরূপ বিশ্বাস?
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর থেকেই একের পর এক বৈঠক, প্রতিবাদ আর প্রশ্নে উত্তাল টলিপাড়া। শিল্পীদের নিরাপত্তা, কাজের পরিবেশ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির ‘নিষিদ্ধ সংস্কৃতি’, সবকিছুই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই মাঝে নতুন করে আলোচনায় দেব, স্বরূপ। ৭২ ঘণ্টার মধ্যে ‘নিষিদ্ধ’ শিল্পীদের কাজে ফেরানোর প্রসঙ্গ, যা ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি সাংবাদিক সম্মেলনে, কর্মবিরতি প্রত্যাহার এবং ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে আপাতত সব কাজ বয়কটের সিদ্ধান্ত জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিক। সেখানেই অভিনেতা দেব বলেন, দীর্ঘদিন ধরে যাঁরা কাজের বাইরে রয়েছেন, তাঁদের নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, কাজ না পাওয়ার কষ্টটা যে কতটা গভীর, তা শুধু ভুক্তভোগীরাই বোঝেন, আর সেই কারণেই সকলকে ফেরানোর চেষ্টা চলছে।
তবে এই মন্তব্যের পরেই ভিন্ন সুর শোনা যায় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের গলায়। তিনি স্পষ্ট বলেন, “এই সমস্যার শিকড় অনেক পুরনো। গত এক বছর তিন মাস ধরে কলাকুশলীরা নিজেদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন।” তিনি যোগ করেন, এতদিন পর হঠাৎ করে ৭২ ঘণ্টার মধ্যে সমাধানের কথা বলা যতটা সহজ শোনায়, বাস্তবে তা ততটাই কঠিন। আগে যদি এই আলোচনা শুরু হত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও ইঙ্গিত দেন তিনি।
প্রসঙ্গত, ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে এর আগেও সরব হয়েছিলেন দেব। গত মাসে টেকনিশিয়ানদের জন্য ‘স্বাস্থ্য সাথী’ ক্যাম্প আয়োজনের সময় তিনি অভিযোগ তুলেছিলেন, কিছু শিল্পীকে নিষিদ্ধ করার ফলে কাজ হারাচ্ছেন বহু টেকনিশিয়ানও। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে সেই একই ইস্যু সামনে এল।
সব মিলিয়ে, একদিকে যেমন রাহুলের মৃত্যুর বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে ইন্ডাস্ট্রির ভিতরে জমে থাকা পুরনো ক্ষতও যেন আবার সামনে আসছে। এখন দেখার, ৭২ ঘণ্টার প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হয়, নাকি এই বিতর্ক আরও দূরে গড়ায়।
