নেপালের কাছে হারতে হারতে বেঁচে গেল ইংল্যান্ড, রেকর্ড গড়ে জয় কিউয়িরা, জিতল লঙ্কাবাহিনীও
টি২০ বিশ্বকাপের দ্বিতীয় দিন নেপালের কাছে হারতে হারতে বেঁচে গেল ইংল্যান্ড। আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড। আর আয়ারল্যান্ডকে হারিয়ে অভিযান শুরু করল আর এক আয়োজক দেশ শ্রীলঙ্কা।

নেপালের সামনে নিশ্চিত হারের সামনে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ১০ রানের প্রয়োজন ছিল নেপালের। উইকেটে ছিল ১৫ বলে ৩৫ রান করা লোকেশ বাম। বোলার ছিলেন স্যাম কারান। লোকেশ বামের সামনে ১০ রান যেন ছিল তখন খুব মামুলি বিষয়। কিন্তু অভিজ্ঞ স্যাম কারান ৫ রানের বেশি দিলেন না। ফলে অঘটন ঘটানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ৪ রানে ইংল্যান্ডের কাছে হারল নেপাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৪ রান তোলে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে থামে নেপাল।অন্যতম ফেভারিট ইংল্যান্ড যেভাবে নেপালের মত দুর্বলতম দেশের সামনে কেঁপে উঠেছিল, তাতে তারা শেষ পর্যন্ত কতদূর যেতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে জয় দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। আফগানিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ১৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছেছে কিউয়িরা। হাতে ছিল ৫ উইকেটও। টি২০ বিশ্বকাপে এর আগে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিজেদের রেকর্ড গড়েই জিতল স্যান্টনারের দল। অন্যদিকে এর আগে আন্তর্জাতিক টি২০তে আগে ব্যাটিং করে যে ২৪ বার ১৮০ এর বেশি রান করেছে আফগানিস্তান, এর একবারও দলটা হারেনি যা এই প্রথম হজম করতে হত।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডকে ২০ রানে হারায় লঙ্কাবাহিনী। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান দাঁড় করায় শ্রীলঙ্কা। ৪৩ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস। শেষ দিকে জয়ের আশা প্রায় শেষ হয়েই যায় আয়ারল্যান্ডের। ১৪৩ রানে অলআউট হয়েছে আইরিশরা। ২০ রানে জয়লাভ করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট তোলেন মাথিশা পাথিরানা। ১টি করে উইকেট নেন দুশমন্থ চামিরা এবং দুনিথ ভেল্লালাগে।

