ব্রুকের সেঞ্চুরিতে প্রথম সেমিফাইনাল নিশ্চিত ইংল্যান্ডের, হেরে ছিটকে যাওয়ার আশঙ্কায় পাকিস্তান
রুদ্ধশ্বাস ম্যাচ শেষে। তাতে ইংল্যান্ডই জিতে এ বারের টি২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনালের টিকিট পেল। অন্যদিকে ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়াল পাকিস্তান। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৪ রান করে পাকিস্তান। জবাবে ২ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। এই জয়ের মাধ্যমে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেল হ্যারি ব্রুক বাহিনী। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই নিয়ে চারটি ম্যাচ খেলে সবকটি জিতল ইংল্যান্ড।

পাকিস্তানের ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা খায়। আন্তর্জাতিক টি২০ কেরিয়ারে প্রথমবার তিন নম্বরে নামার চ্যালেঞ্জ নিজে হাতে তুলে নেন অধিনায়ক হ্যারি ব্রুক। পাওয়ার প্লেতেই হারায় তিনটি উইকেট। ফিল সল্ট শূন্য, জস বাটলার ৩ ও জ্যাকব বেথেল ৮ রান করে ফেরেন। ভেঙে পড়েননি ব্রুক। সেখান থেকেই স্যাম কারান ও উইল জ্যাকসকে নিয়ে ম্যাচ ঘোরানোর চেষ্টা শুরু করেন। ১৬ রান করে আউট হন কারান। জ্যাকস করেন ২৮ রান। অন্যদিকে ততক্ষণে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ব্রুক। মাত্র ৫০ বলে ১০ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক। টি২০ বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিতে ক্রিস গেইলের পরেই নাম লেখান ব্রুক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে করলেন সেঞ্চুরি। ব্রুক আউট হতেই পরপর উইকেট খুইয়ে ফের চাপে পড়ে ইংল্যান্ড। শেষ ওভারে সলমন মির্জার বিপক্ষে দলটার দরকার ছিল ৩ রান। প্রথম বলেই চার মেরেছেন জোফ্রা আর্চার। তাতেই জয় নিশ্চিত হয়।

এর আগে পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফারহানের ফিফটিতে তোলে ১৬৪ রান। ইংল্যান্ডর বোলারদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানের কেবল ৪ ব্যাটার স্পর্শ করতে পেরেছে দুই অঙ্কের ঘরের রান। ব্যাপক সমালোচিত হওয়া বাবর আজম ফের ব্যর্থ হয়েছেন। চারে নেমে খেলেছেন ২৪ বলে ২৫ রান। ফখর জামানও ২৫ রান করেছেন, বল খেলেছেন ১৬টি। সাইম আইয়ুব (৭), সলমন আলি আগা (৫), উসমান খান (৮), মহম্মদ নওয়াজ (০) সবাই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ফারহান ৬৩ রানের ইনিংস খেলে মূল ভূমিকা রাখেন পাকিস্তানের জন্য। ৭ চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। শেষে শাদাবের ২৩ রানের ক্যামিওতে চ্যালেঞ্জ ছুড়তে পারে পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন লিয়াম ডসন। পাকিস্তান এই হারে বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। তবে তাদের বিশ্বকাপ স্বপ্ন এখন খাদের কিনারায়।
