পুরনো জায়গা ফিরে পেল ‘পরিণীতা’, টিআরপি তালিকার প্রথম পাঁচে কে?

0

বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনের ফলপ্রকাশের দিন। সেরার লড়াইয়ে একচুলও জমি ছাড়তে নারাজ জনপ্রিয় ধারাবাহিকগুলি। পিছিয়ে নেই নতুন কাহিনিও। চলতি সপ্তাহে শীর্ষে রইল কোন ধারাবাহিক? সেরা পাঁচে জায়গা করে নিল আর কে কে?

চলতি সপ্তাহে সার্বিক ভাবেই সকল ধারাবাহিকের নম্বর কমেছে। তবে নিজেদের জায়গা ধরে রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’। সেই সঙ্গে, ফের প্রথম স্থানে এসেছে ‘পরিণীতা’। দুই ধারাবাহিকই আগের সপ্তাহ থেকে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত রেখেছে। আগের সপ্তাহে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার ঝুলিতে ছিল ৬.৯। তা কমে এই সপ্তাহে ৬.৬ হলেও প্রথম স্থানেই রয়েছে তাঁদের জুটি। পাশাপাশি গত সপ্তাহে উদয় প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায়ের রসায়ন পেয়েছিল ৬.৮। এ সপ্তাহে সেই নম্বর কমে ৬.৬ হলেও, দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে ফিরেছে তারা।

এর পরে ৬.২ পেয়ে দ্বিতীয় স্থানের অধিকারী স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’। অর্ণব বন্দোপাধ্যায় এবং স্বস্তিকা দত্তের জুটিকে বেশ ভালবাসা দিচ্ছেন দর্শক। ‘বেঙ্গল টপার’ হওয়ার দৌড়ে বাকি ধারাবাহিককে বেশ ভালই টেক্কা দিচ্ছে পর্দার প্রফেসর। ৬.০ পেয়ে এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে জ়ি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’। গত বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়া এই ধারাবাহিক অল্পদিনেই মানুষের মন জয় করে নিয়েছে।

স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ এ বার ৫.৯ পেয়ে তালিকায় চতুর্থ স্থানে। ধারাবাহিকের ভাল ফলাফলের মাঝেই ঘটে ছন্দপতন। চলতি বছরের ২৬ জানুয়ারি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ধারাবাহিকের নায়িকা রণিতা দাস। সেই কারণেই কি টিআরপি তালিকায় একটু পিছিয়ে গেছে তাঁর ধারাবাহিক? তবে প্রথম পাঁচে জায়গা তাদের রয়েছেই। সেরা পাঁচের শেষে রয়েছে জ়ি বাংলার ‘জোয়ার ভাঁটা’। তারা পেয়েছে ৫.৮। দুই বোনের গল্প সকলেরই বেশ পছন্দ হয়েছে। শুরু থেকেই প্রথম পাঁচে দেখা গিয়েছে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির ধারাবাহিককে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *