নতুন আইপিএল মরশুমে জার্সিতে চমক দিল কলকাতা নাইট রাইডার্স, কেমন হল রিঙ্কুদের জার্সি?
আইপিএল ২০২৬ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। মরশুমের আগেই সমর্থকদের জন্য বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স।শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল দলের নতুন জার্সি। আগের মতোই বেগুনি ও সোনালি রঙে সেজে উঠেছে নাইট ব্রিগেড। তবে এবারের জার্সির বিশেষ আকর্ষণ হল ‘লাইন্স অফ লেগাসি’ থিম, যেখানে দলের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলিকে নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, দলের দীর্ঘ যাত্রাপথে তৈরি হওয়া বহু ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই জার্সি। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম এর অবিস্মরণীয় ১৫৮ রানের ইনিংস থেকে শুরু করে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো রিঙ্কু সিংয়ের বিস্ময়কর কীর্তি—সব স্মৃতিকেই প্রতীকীভাবে ধরা হয়েছে জার্সির ডিজাইনে। নতুন জার্সিতে বিভিন্ন লাইন বা রেখার মাধ্যমে সেই সব স্মরণীয় মুহূর্তকে তুলে ধরা হয়েছে। এই রেখাগুলি একত্রিত হয়ে বিমূর্ত লিনিয়ার আর্টে কেকেআর শব্দটি তৈরি করেছে। ফ্র্যাঞ্চাইজির মতে, এই জার্সি শুধুমাত্র একটি পোশাক নয়, বরং দলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। সমর্থকেরা এই জার্সি পরলে কেকেআরের ইতিহাসের একটি অংশ নিজেদের সঙ্গে বহন করতে পারবেন। জার্সি উন্মোচন প্রসঙ্গে নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘লাইন্স অফ লেগাসি’ কেকেআরের দীর্ঘ যাত্রাপথ ও সাফল্যের গল্পকে তুলে ধরে। প্রতিটি লাইন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতিনিধি। আমরা এই ঐতিহ্য নিয়ে গর্বিত এবং আগামী মরশুমে সমর্থকদের জন্য আরও স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চাই।’
এদিকে দলগত পরিবর্তনও করেছে কেকেআর। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়ার পর তাঁর পরিবর্ত হিসেবে জিম্বাবোয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে নাইট শিবির। সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন মুজারাবানি। ৬ ম্যাচে ৭.৮৯ ইকোনমিতে ১৩টি উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন।
